পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের নিয়ে কাজ করা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত স্বপ্নের ঠিকানা প্রকল্পের বার্ষিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার পুলঘাটে অবস্থিত প্রকল্প অফিসে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর, কোডেক স্বপ্নের ঠিকানার প্রকল্প ব্যবস্থাপক রাকিব আহসান, রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন নেছার, রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান, বেসরকারি সংস্থা ভার্কের উপজেলা সমন্বয়কারী মোহসীন তালুকদার ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর অজিত কুমার চক্রবর্তী।
এ অনুষ্ঠানে ঝরে পড়া ও স্কুলবিমুখ শিশুদের শিক্ষা কার্যক্রম, সামাজিক উন্নয়ন, কমিউনিটি সম্পৃক্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা বলেন, প্রত্যন্ত ও চরাঞ্চলের শিশুদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সেমিনারে জানানো হয়, প্রকল্পের আওতায় চারটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে, যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি জীবনদক্ষতা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধান অতিথি বলেন, সরকার ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই উন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- পার্বত্য চট্টগ্রামে প্রথাগত নেতৃত্বে নারীর অংশগ্রহণ বেড়েছে
দেখুন- নির্বাচন চায় না এমন একটি গোষ্টীকে জনগণ সন্দেহ করে: আমির খসরু


