নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে ফের আগুন, মামলায় কর্তৃপক্ষের অনীহা

রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। লেলিহান শিখায় পুড়ছে একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রবেশদ্বার ও সাইনবোর্ড। নেত্রকোনা সদর উপজেলার চালিশা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় শুক্রবার দিনগত গভীর রাতের অগ্নিকাণ্ড নিছক কোনো দুর্ঘটনা নয়, বরং সুপরিকল্পিত নাশকতা। আর এই ঘটনা নতুন করে আতঙ্ক ছড়িয়েছে জেলার গ্রামীণ ব্যাংকের কর্মীদের মাঝে। তবে সবচেয়ে বড় বিস্ময়ের জন্ম দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষের রহস্যময় নীরবতা। একের পর এক হামলার শিকার হলেও আইনি পদক্ষেপ নিতে অনীহা দেখাচ্ছে তারা।

চালিশা বাজারের পাশে অবস্থিত ব্যাংকের চালিশা-নেত্রকোনা শাখায় শুক্রবার দিনগত মধ্যরাত থেকে শনিবার (১৪ নভেম্বর) ভোর রাতে যেকোন সময়ের দিকে ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি অত্যন্ত সুকৌশলে লোহার ফটকের সামনে ও সাইনবোর্ডের চারপাশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছে এবং এরপর দ্রুত অন্ধকারে মিলিয়ে যাচ্ছে।

শাখা ব্যবস্থাপক শাহজাহান আলী জানান, নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে আসেন এবং বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নিভিয়ে ফেলেন। আগুনে ব্যাংকের প্রধান ফটক, সীমানা প্রাচীর ও সাইনবোর্ডের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে এই ঘটনার পর পুলিশ বা প্রশাসনের দ্বারস্থ হয়নি ব্যাংক কর্তৃপক্ষ। শাখা ব্যবস্থাপকের দাবি, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হলে তাদের পক্ষ থেকেই পুলিশে কোনো লিখিত অভিযোগ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়।

বিষয়টি নিয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে তিনি হতাশা প্রকাশ করেন। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও তার নজরে এসেছে এবং রাতেই ব্যাংকের বাউন্ডারি ও গেটে আগুন দেওয়ার বিষয়টি তিনি অবগত হয়েছেন।

আগুনে সাইনবোর্ডটি কিছুটা কালো হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, ওই স্থানে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় এবং ব্যাংক কর্তৃপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা না করায় পুলিশ এখনো কাউকে শনাক্ত করতে পারেনি। ওসি আরও জানান, গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছে, তবে আইনি ব্যবস্থা নিতে তাদের অভিযোগ দায়ের করা অপরিহার্য।

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের ওপর এমন আক্রোশ এটাই প্রথম নয়। এর আগে গত ১১ নভেম্বর একই চালিশা শাখা থেকে সাদা স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ। সে সময়ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। ঠিক তার আগের দিন, ১০ নভেম্বর সদর উপজেলার দুগিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের আমতলা শাখায় এক ব্যক্তি একইভাবে প্রবেশপথে আগুন দিয়েছিল। এছাড়া গত ১৪ অক্টোবর নেত্রকোনায় অবস্থিত ব্যাংকটির মৌগাতি শাখাতেও অনুরূপ হামলার ঘটনা ঘটে।

মাত্র এক মাসের ব্যবধানে জেলার অন্তত তিনটি শাখায় হামলা এবং বিস্ফোরক উদ্ধারের পরও ব্যাংক কর্তৃপক্ষের এমন নির্লিপ্ততা অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। কারা, কেন গ্রামীণ ব্যাংককে ধারাবাহিকভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে- তা যেমন অজানা, তেমনি কর্তৃপক্ষের নীরবতা হামলাকারীদের আরও উৎসাহিত করছে কি না, সেটি নিয়েও জনমনে দেখা দিয়েছে ঘোর সংশয়।

বিজ্ঞাপন

পড়ুন : পটিয়ায় আদালতের আদেশ অমান্য করে জমিতে নির্মাণকাজের অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন