খুলনা-৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সল কাদেরের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রকিবুল ইসলাম বকুল বলেন, “তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ শান্তিতে থাকবে, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বিভেদ নয়—ঐক্যের রাজনীতি প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্রের পথে এই যাত্রা অব্যাহত থাকুক। মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে স্বাধীনভাবে ভোট দিতে পারে। তবেই গণতন্ত্রের প্রকৃত ও পূর্ণাঙ্গ রূপ প্রতিষ্ঠা লাভ করবে।”
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “এই নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে পছন্দের সরকারকে ক্ষমতায় আনবে। এর মধ্য দিয়েই জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে।”এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন- আগের দিন ডেকে নিয়ে, পরদিন স্কুল পড়ুয়া ছাত্রের লাশ মিললো ক্ষেতে


