শুক্র ও শনিবারের ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার রাজধানীতে বেড়ে যায় সাধারণ মানুষের কর্মব্যস্ততা। তবে বিভিন্ন দাবিতে একাধিক বিক্ষোভ কর্মসূচির কারণে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী, কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা।
রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক শ শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে অবস্থান নেয়। তাদের কারণে ওই এলাকায় যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ফলে অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
কারওয়ান বাজারে আজ মোবাইল ব্যবসায়ীদের ব্লকেড কর্মসূচি থাকায় তীব্র যানজট তৈরি হয় । এসময় অফিসগামী মানুষ হেটে কর্মস্থলে যান। জানা যায়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে ও অবৈধ সিন্ডিকেট ভেঙে দেয়ার দাবিতে কারওয়ান বাজার মোড়ে তারা অবস্থান নেয়। পরে জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিপেটা করে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
এদিকে ইনকিলাব মঞ্চ ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি সফল করতে শাহবাগে জড়ো হতে শুরু করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর ১২টার দিকে জড়ো হতে শুরু করেন তারা। সময়ের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে শুরু করেছে। তাদের কর্মসূচিতে শাহবাগেও যানজট দেখা দিলে ভোগান্তিতে পরছেন সাধারণ মানুষ।
জানা গেছে, ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির রোডম্যাপ হিসেবে নির্ধারিত রয়েছে শাহবাগ, ধানমণ্ডি, মোহাম্মদপুর, পল্লবী, মিরপুর-১০ গোলচত্বর ও উত্তরা বিএনএস সেন্টার এলাকা। কর্মসূচির কারণে এসব এলাকায় তীব্র যানজটের আশঙ্কা রয়েছে, যা রাজধানীর যান চলাচলকে আরও ব্যাহত করতে পারে।
পড়ুন: জাকের-শান্তকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের
আর/


