মৌলভীবাজারের বড়লেখায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বরাদ্দ বণ্টন, উপকরণ বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহেদ আহমদের বিরুদ্ধে।
অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, মৌলভীবাজারের জেলা প্রশাসক এবং বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগের অনুলিপি পাঠিয়েছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীদের অভিযোগ, বড়লেখায় একাধিক পিজি সমিতি থাকা সত্ত্বেও‘ পূর্ব দক্ষিণভাগ ডেইরি পিজি সমিতিকে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও উপকরণ বিতরণ প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তা ডা: শাহেদ আহমদ যথাযথ নীতিমালা অনুসরণ না করে একক সিদ্ধান্তে প্রকল্পের বরাদ্দ বণ্টন ও উপকরণ বিতরণে ভূমিকা রাখছেন। এতে প্রকৃত উপকারভোগী ও প্রান্তিক খামারিরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গত ৮ নভেম্বর পূর্ব দক্ষিণভাগ ডেইরি পিজি সমিতির সাধারণ সম্পাদক ফজলুল করিম, সহসভাপতি নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ সাদিক আহমদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ ডাকযোগে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছেন।
অভিযোগকারীরা জানান, এলডিডিপি প্রকল্পের আওতায় বড়লেখায় বরাদ্দকৃত উপকরণের পরিমাণ, প্রকৃত উপকারভোগীদের তালিকা, বরাদ্দ বণ্টন এবং উপকরণ বিতরণের পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। তাদের অভিযোগ, প্রকল্পের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। এ অবস্থায় ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে গেলে কর্মকর্তা ডা: শাহেদ আহমদ কোনো মন্তব্য করতে রাজি হননি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলব।” ফলে অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
সচেতন নাগরিক,বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, মুজিব রাজা চৌধুরী বলেন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) বরাদ্দ ও উপকরণ বিতরণে কোনো ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা কিংবা পক্ষপাতিত্ব কাম্য নয়। এ ধরনের অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। এ জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এদিকে ভুক্তভোগী খামারি ও সংশ্লিষ্ট পিজি সমিতির নেতৃবৃন্দের দাবি, প্রকল্পের বরাদ্দ, উপকারভোগীর তালিকা ও উপকরণ বিতরণের নথিপত্র যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। তাঁদের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং প্রকৃত উপকারভোগীরা তাঁদের ন্যায্য অধিকার ফিরে পাবেন।
পড়ুন : টাঙ্গাইলের পুরোনো রাস্তা দখলের পাঁয়তারা, এলাকাবাসীর সংবাদ সম্মেলন


