চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় শুক্রবার রাতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দু′জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. সালাহউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)।
তারা দু’জনই মৃত আবুল বশরের পুত্র এবং বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়ির বাসিন্দা।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জানুয়ারি (শুক্রবার) মধ্যরাতে এডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সালাহউদ্দিন আল মামুন-এর দিকনির্দেশনায় বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। তবে সেনাবাহিনীর চতুর্মুখী ঘেরাও ও দ্রুত তৎপরতার ফলে তারা পালাতে ব্যর্থ হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে ৪টি বিদেশি শটগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সন্ত্রাসীরা পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমিরার গোপন বাক্স, গোয়ালঘরের খড়ের নিচে এবং একটি নির্মাণাধীন ভবনের বালুর নিচে চারটি ভিন্ন স্থানে লুকিয়ে রেখেছিল।
ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেল প্রধান জানান, সালাহউদ্দিন রুমির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৬টি মামলা এবং সাইফুল ইসলাম বাপ্পির বিরুদ্ধে অস্ত্র মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অস্ত্রচালনা,সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিজস্ব পদ্ধতিতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করে চট্টগ্রাম ও বোয়ালখালীর বিভিন্ন সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল।
তিনি আরও জানান, আসন্ন নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করে এবং গ্রেপ্তারকৃতদের সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করে।


