মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ককটেল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
শনিবার দুপুরে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আক্তার হাওলাদার ও হাসান মুন্সি নেতৃত্বাধীন দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার দুপুরে সংঘর্ষের সূত্রপাত হয়।খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যৌথ অভিযান পরিচালনা করেন। কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযানের সময় পুলিশ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে এবং একজনকে আটক করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ অভিযান চালিয়ে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পড়ুন : মাদারীপুরের শিবচরে ডাকাতির লুন্ঠিত ৪৬২টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার


