রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এহসার সদস্য আহসান জহীর খানকে (৫০) গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে, রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান লেক থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতার আহসান জহীর খান নব্য জেএমবির সক্রিয় সদস্য। তিনি ও তার অপরাপর পলাতক সহযোগীরা নব্য জেএমবির আদর্শে উজ্জীবিত হয়ে প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতি সাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করতে ওই স্থানে সমবেত হয়েছিলেন।
তদন্তকারীরা জানান, গ্রেফতার ব্যক্তি ও তার সহযোগীরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছদ্মনামে গ্রুপ খুলে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন। এসব অ্যাপসের মাধ্যমে তারা উগ্রবাদী লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ বাস্তবায়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
পড়ুন : রাজধানী থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেপ্তার


