বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। নিজের ভোট প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।
বুধবার সকালে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন এ্যানি। এসময় তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার পর আমরা একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ পেয়েছি। এ পরিবেশে দেশবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আমার বিশ্বাস, এই শান্তিপূর্ণ পরিস্থিতি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এ পরিবেশের মধ্য দিয়ে আমরা যেন সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি এবং প্রকৃত প্রতিনিধিদের নির্বাচিত করতে পারি। লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। আমি সবসময় সবার পাশে আছি, থাকবো।
এসময় বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লক্ষ্মীপুর-৩ আসনে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও জামায়াতের রেজাউল করিমসহ মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই হবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, লক্ষ্মীপুরে ৪ টি আসনে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৬ লাখ ৫ হাজার ভোটার।


