সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়েছে, আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ।
শীতের কুয়াশাচ্ছন্ন সকাল উপেক্ষা করে কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই তাঁদের পরিবারসহ সকালেই আসেন ভোট দিতে, এরমধ্যে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রের নির্দিষ্ট দূরত্বের মধ্যে বসেছে প্রার্থীদের নিজস্ব বুথ। কেন্দ্রের বাইরে এবং ভেতরে কড়া নিরাপত্তায় আছেন সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং বিজিবির যৌথ বাহিনী। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে মৌলভীবাজারে ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২৪ হাজার ৪৫৪ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ৯০ হাজার ৪৭৪ জন, তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ৮ জন। ধানের শীষের প্রার্থী, জামায়াতে ইসলামী প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ অন্যান্যদলের মোট ২৪ জন প্রার্থী এ জেলায় চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দীতা করছেন। তারা সবাই সকালে নীজ নীজ ভোটকেন্দ্রে এসে তাদের ভোট দিয়েছেন এবং এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন।
এদিকে ভোটগ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে জানিয়ে দুপুর ১২টার মধ্যেই প্রায় ৩০ পার্সেন্ট ভোট কাষ্টিং হয়েছে বলে জানান হাফিজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তা মো: আনিছুর রহমান।
পড়ুন- চুয়াডাঙ্গায় পক্ষপাতের অভিযোগে প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার


