ভালোবাসা আর হাস্যরসের গল্প পর্দায় তুলে ধরে দর্শক মনোযোগ কেড়েছেন কৌশানী মুখার্জি। এরপর থেকে পরিণত শিল্পী হয়ে ওঠার বাসনায় বেছে নেওয়া শুরু করেছেন ভিন্ন ধাঁচের সব গল্প। সে কারণে গ্ল্যামার নায়িকার খোলস ছেড়ে বেরিয়ে আসতেও প্রস্তুত বলে জানিয়েছিলেন কলকাতার আলোচিত এই তারকা।
নতুন চরিত্রে নিজেকে তুলে ধরতে এবার যুক্ত হলেন গোয়েন্দা গল্পের সিনেমায়। আজকালসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, গোয়েন্দা গল্প নিয়ে নির্মিত ‘মৃগয়া ১.৫’ সিনেমায় এবার ভিন্নরূপে দেখা মিলতে যাচ্ছে কৌশানী মুখার্জির। যেখানে তিনি অভিনয় করতে যাচ্ছেন জয়িতার নামের রহস্য অনুসন্ধানী এক তরুণীর চরিত্রে। এই চরিত্রটি নিয়ে দারুণ আশাবাদী কৌশানী।
অভিনেত্রীর কথায়, কিছু গল্প এমন হয়, যার চরিত্রগুলো দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলতে পারা খুবই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জে যারা বিজয়ী হন, তাদের চলার পথটাও হয়ে উঠে মসৃণ। এ কারণে ‘মৃগয়া ১.৫’ সিনেমায় অভিনয় একদিকে তাঁর জন্য যেমন চ্যালেঞ্জিং একটি কাজ, তেমনি ক্যারিয়ার দীর্ঘ করার অন্যতম হাতিয়ার। তাই শুরু থেকেই চেষ্টা করে যাচ্ছেন এর জয়িতা চরিত্রের সঙ্গে পুরোপুরি মিশে নিয়ে নতুন এক কৌশানীকে পর্দায় তুলে ধরার।
সংবাদ মাধ্যমগুলো থেকে আরও জানা গেছে, গত বছর মুক্তি পাওয়া ‘মৃগয়া: দ্য হান্ট’ সিনেমাটি দর্শকদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। মূলত সেই সিনেমার কাহিনিকে ঘিরেই সিকুয়াল হিসেবে নির্মিত হচ্ছে ‘মৃগয়া ১.৫’। যেখানে দেখা যাবে, কলকাতার বুকে আবারও ঘনাচ্ছে রহস্যের মেঘ; যার সমাধান করতেই মাঠে নামছে ঋত্বিক চক্রবর্তী। সঙ্গে রয়েছেন কৌশানী মুখার্জি, মীর আফসার আলি এবং অর্পণ ঘোষাল।
সিনেমার গল্প এগোবে মূলত ‘শ্রেয়াংশী’ নামক এক মেয়েকে কেন্দ্র করে। সে রহস্যময়ভাবে নিজের বাড়িতেই নির্যাতিত হয়। মৃগয়া-পরবর্তী সময় ঘটে এ ঘটনা। এই রহস্যময় নির্যাতনের ঘটনার সমাধান করতে মাঠে নামেন শোভাবাজার থানার ওসি দেবাঞ্জন দত্ত, এসআই জয়িতা সেন। তাদের সঙ্গে থাকবেন এসআই পরিতোষ সাহা এবং সিনিয়র অফিসার অগ্নিশ্বর। এই দলটি তদন্ত করতে নেমে মুখোমুখি হয় রহস্যময় আততায়ীর। যার পরিপ্রেক্ষিত ক্রমাগত চলতে থাকে মস্তিষ্ক এবং পেশির সঙ্গে পুলিশের লড়াই। শেষ পর্যন্ত দেবাঞ্জন ও জয়িতারা কীভাবে এই রহস্যের উদঘাটন করতে পারেন–সেটাই দেখানো হবে গল্পে। শুধু তাই নয়, গল্পের ধারাবাহিকতা ধরে রাখতে সিনেমায় দেবাঞ্জনের অতীতের কথাও তুলে আনা হবে সিনেমায়। সব মিলিয়ে এটি রুদ্ধশ্বাস অ্যাকশন এবং রহস্যে পরিপূর্ণ হবে বলে দাবি নির্মাতাদের।
‘মৃগয়া ১.৫’ সিনেমাটি পরিচালনা করছেন অভিরূপ ঘোষ। দেবাশিস দত্তের গল্প নিয়ে চিত্রনাট্য লিখেছেন অরিত্র বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে সংলাপ এবং অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন সৌমিত দেব। প্রধান চরিত্র দেবাঞ্জনের ভূমিকায় থাকছেন ঋত্বিক চক্রবর্তী, যিনি এর আগে ‘মৃগয়া: দ্য হান্ট’ সিনেমাতেও ছিলেন। অভিনেতার বিপরীতে জয়িতার চরিত্রে থাকছেন কৌশানী মুখার্জি। পাশাপাশি পরিতোষ এবং অগ্নিশ্বরের ভূমিকায় নজর কাড়বেন অর্পণ ঘোষাল এবং মীর আফসার আলি। ‘শ্রেয়াংশী’ চরিত্রটি পর্দায় তুলে ধরবেন অনন্যা ভট্টাচার্য। তবে ‘মৃগয়া: দ্য হান্ট’ সিনেমায় যাদের দেখা গিয়েছিল সেই বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ দাস আরও কয়েকজন থাকছেন এই সিকুয়ালে।
পড়ুন:আরিফিন শুভর জ্যাজ সিটি মুক্তি পাচ্ছে কবে?
দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |
ইমি/


