ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসন থেকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে নওগাঁর ঐতিহ্যবাহী অন্বেষা নিশান ক্লাবের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকায় জাতীয় সংসদ ভবনে নবাগত সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে আজ বুধবার রাত ৮টার দিকে নওগাঁয় ফিরেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তাঁকে বহনকারী গাড়ি শহরের তাজের মোড়ে পৌঁছালে অন্বেষা নিশান ক্লাবের সদস্যরা ফুল ছিটিয়ে সংবর্ধনা জানান। এ সময় নিশান ক্লাব ছাড়াও শহরের অন্যান্য সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নবাগত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নিশান ক্লাবের সামনে সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিক বায়েজিদ হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক শামিনূর রহমান শামিম প্রমুখ।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, ‘ফুলের শুভেচ্ছার চেয়ে আমি আমার নির্বাচনী প্রচারণায় মানুষকে যে সব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পূরণ করতে পারলে সবচেয়ে বেশি খুশি হব। নওগাঁ শহরকে একটি তিলোত্তমা শহরে রূপান্তরে কাজ করতে এক নম্বর অগ্রাধিকারর রাখবো। শহরের যানজট সমস্যাসহ সকল সমস্যা দূর করে একটি আধুনিক শহরে গড়ে তোলাই আমার প্রধান অঙ্গিকার। নওগাঁর উন্নয়নের জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

