বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা ভাষা ও বাঙালি জাতীয়তাবাদকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধরনের স্লোগান পরিহার করা প্রয়োজন। তাঁর মতে, এসব শব্দ বাংলার ঐতিহ্য ও ভাষাগত চেতনার সঙ্গে সম্পর্কিত নয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলা ভাষার ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতি আমাদের যথাযথভাবে লালন করা হচ্ছে না। যে জাতি নিজের ইতিহাস সম্পর্কে সচেতন নয়, সে জাতি কখনো টেকসই উন্নয়ন অর্জন করতে পারে না। তিনি মন্তব্য করেন, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অবহেলার কারণেই জাতীয়তাবোধ দৃঢ়ভাবে বিকশিত হচ্ছে না।
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মুখে ‘ইনকিলাব’সহ বিভিন্ন স্লোগান শুনে তিনি ব্যথিত হন। মুক্তিযুদ্ধের চেতনা ও ভাষা আন্দোলনের আত্মত্যাগের সঙ্গে সাংঘর্ষিক কোনো শব্দ বা ধারা যেন সমাজে প্রতিষ্ঠা না পায়—সেদিকে সবার সচেতন থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পড়ুন : সাঁওতালি ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গান—ঐতিহ্যবাহী পোশাকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা


