মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। টর্চলাইট জ্বালিয়ে রাতভর চলে দেশীয় অস্ত্র ও শতাধিক হাতবোমার বিস্ফোরণ। এতে অন্তত দুইজন আহত হয়েছেন। শনিবার রাত ৯টা থেকে রবিবার রাত ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রায়ই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। শনিবার রাতে হঠাৎ করে উভয় পক্ষ টর্চলাইট জ্বালিয়ে অবস্থান নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
সংঘর্ষের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ঘরবন্দি হয়ে পড়েন। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারি জোরদার করা হয়েছে।
পড়ুন- সিএনজি চালক হত্যা: নান্দাইলের আসামি ধরা পড়ল নেত্রকোনায়
দেখুন- সুন্দরবনের গহিন জঙ্গলে ডাকাতদের আস্তানায় কোষ্ট গার্ডের হা/না


