সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ৩ কেজি ৯০ গ্রাম হেরোইনসহ ইসমাইল হোসেন (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতার ইসমাইল হোসেন দিনাজপুর জেলার বীরগঞ্জ থানার মাটিকুড়া গ্রামের মৃত ইব্রাহীম হোসেনের ছেলে।
সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১২-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে র্যাব-১২-এর একটি আভিযানিক দল সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ কেজি ৯০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে র্যাব। অভিযানে ব্যবহৃত ট্রাক ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
পড়ুন:ইউপি কার্যালয়ে সোপর্দের পর গাঁজা গায়েবের অভিযোগ
দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |
ইমি/


