সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সরকারি সফরে এসে নিজ এলাকায় অসহায় মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেছেন।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে জুম্মার নামাজ শেষে স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরাসরি নিজে চিকিৎসা সেবা দেন তিনি।
সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দা আহমেদ আলী বলেন, মন্ত্রী মহোদয় আমাদের এলাকার মানুষ হয়েও এত ব্যস্ততার মাঝেও নিজ গ্রামে এসে চিকিৎসা দিচ্ছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
এ সময় অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমি সবসময় চেষ্টা করি আমার নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকতে। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক দায়বদ্ধতা থেকেই অসহায় মানুষের জন্য চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছি। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, সরকার মানুষের কল্যাণে কাজ করছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দরিদ্র, অসহায়, নারী ও শিশুদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানীয়রা মন্ত্রীর এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানান।
পড়ুন : ইয়াবাসহ সুনামগঞ্জের কুখ্যাত মাদক কারবারি নেত্রকোনায় গ্রেপ্তার


