সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে কারানির্যাতিত নেতা মোঃ জিব্রাইল হোসেন।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে তিনি দলীয় মনোনয়নপত্র জমা দেন।
এর আগে গত ২২ নভেম্বর তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁকে শুভেচ্ছা ও শুভকামনা জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ।
দীর্ঘদিন ধরে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন জিব্রাইল হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্মভূমি এই ইউনিয়ন। তাঁর দাবি, গত ১৭ বছরে শিয়ালকোল ইউনিয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে এখনো নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
নিজের রাজনৈতিক জীবনের ত্যাগ ও নির্যাতনের কথা তুলে ধরে জিব্রাইল হোসেন বলেন, রাজনৈতিক কারণে তিনি ৩৭টি মামলার আসামি হয়েছেন এবং ১৭ বার কারাবরণ করেছেন। এ ছাড়া তাঁর বাড়িতে চারবার এবং দোকানে তিনবার ভাঙচুর করা হয়েছে। তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান জিব্রাইল প্লাস্টিক ফ্যাক্টরিতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
ভাসানী কলেজ শাখা ছাত্রদলের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০০৮ সালে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক এবং ২০১৪ সালে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে পরবর্তী সময়ে তাঁকে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয়।
জিব্রাইল হোসেন বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন করে এবার দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে বিজয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী তিনি।
তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থে নয়, শিয়ালকোল ইউনিয়নের মানুষের সেবা করতেই চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। নির্বাচিত হলে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষকদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেবেন।
এদিকে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে জিব্রাইল হোসেন দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে জিব্রাইল হোসেন শিয়ালকোল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
পড়ুন : দেখা হলো না জীবিত অবস্থায়, কারাফটকেই সন্তানের নিথর দেহ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী শর্মী


