দেশের ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদধারীদের বিষয়ে প্রস্তুত করা পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পন্ন হওয়া এসব প্রতিবেদনের তালিকা অধিদপ্তরের ওয়েবসাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। রোববার (১ মার্চ) অধিদপ্তরের পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লিখিত সময়ে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন মোট ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন, নিরীক্ষা ও তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। প্রকাশিত তালিকায় এসব প্রতিবেদনের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদনগুলোর অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছেও ই-মেইলের মাধ্যমে প্রতিবেদন পাঠানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিস, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বা গভর্নিং বডির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধানের কাছেও ই-মেইলে কপি পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনও শিক্ষাপ্রতিষ্ঠান যদি নির্ধারিত ই-মেইলে প্রতিবেদন না পায়, তবে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের সঙ্গে যোগাযোগ করে ডি-নথি সিস্টেম থেকে প্রতিবেদন সংগ্রহ করা যাবে।
এ ছাড়া জেলা শিক্ষা অফিস থেকেও প্রতিবেদন সংগ্রহ সম্ভব না হলে প্রতিষ্ঠানকে নিজস্ব লেটারহেডে পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবরে আবেদন করতে হবে এবং আবেদনপত্রের কপি director@dia.gov.bd ঠিকানায় ই-মেইল করতে হবে। আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইলে প্রতিবেদন পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রয়োজনে ০২৪১০৫৩৩৪৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে অধিদপ্তর।
তালিকা দেখতে এখানে ক্লিক করুন
পড়ুন : ফেব্রুয়ারি মাসের এমপিও বিল মঙ্গলবারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ


