গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় ছোট ভাইকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ উঠেছে তার আপন বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ কাজী মাহবুব (৩২) জানান, তার পিতা প্রায় ৯ বছর আগে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর থেকেই তার বড় ভাই মোঃ মাহমুদুল কাজী (৩৫) পৈত্রিক সম্পত্তির ন্যায্য অংশ বুঝিয়ে না দিয়ে নানা ভাবে হয়রানি করে আসছেন।
তিনি দাবি করেন, তাকে লোকসমাজে ‘পাগল’ বলে অপপ্রচার করা হয় এবং অতীতে একাধিকবার জোরপূর্বক সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার বড় ভাই অজ্ঞাতনামা ৩/৪ জন সহযোগীকে সঙ্গে নিয়ে সারদাগঞ্জ এলাকার কাজী মার্কেটে অবস্থিত তার ব্যবসা প্রতিষ্ঠান “ভাই ভাই এন্টারপ্রাইজ”-এ গিয়ে প্রতিষ্ঠানটি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় প্রতিবাদ করলে তাকে গালিগালাজ ও পুনরায় রিহ্যাবে পাঠানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবার ও স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি কাশিমপুর থানায় লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে কাশিমপুর থানার কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তাধীন রয়েছে।
পড়ুন- একজন খামেনির অবসান, ইরানের ভেতরে রয়েছে আরেক খামেনি
দেখুন- মশক নিধনে ডিএসসিসি’র মাসব্যাপী বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু


