নারীদের উন্নয়ন ও কর্মক্ষেত্রের বাইরে রেখে দেশের সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধি অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, নারী ছাড়া জীবন, সংসার ও সমাজ কোনোভাবেই পরিপূর্ণ হতে পারে না। তাই বাস্তবতার আলোকে নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইউসুফ আলী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল আলম, প্রোগ্রাম কর্মকর্তা কামরুন্নাহার এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগমসহ নারী নেতৃবৃন্দ।
বক্তারা নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও কর্মসংস্থানে সমঅধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে সমাজের সব স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং রাষ্ট্রীয় নীতিমালার যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় বিভিন্ন সামাজিক ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
পড়ুন- কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা


