আশুলিয়ার ইনজেনিটেক্স গ্রুপের বন্ধকৃত ইউকোরিয়া নামে একটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার সকালে আশুলিয়ার শিমুলতলা বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কের একটি বিক্ষোভ নিয়ে বন্ধ কারখানাটির অঙ্গ প্রতিষ্ঠান ইনজেনিটেক্স কারখানার সামনে অবস্থান নেয় তারা। এসময় প্রায় ১ হাজার ২০০ শ্রমিকের ২ মাসের বকেয়া বেতন সহ সকল পাওনাদি ও কারখানা খুলে দেওয়ার দাবী জানান তারা।
সুমাইয়া নামে এক (সুইং) অপারেটর বলেন, আমি অভাবের তাড়নায় আমার ৩ মাসের শিশু বাচ্চাকে রেখে গার্মেন্টস চাকরী করেছি। আমার বেতনের টাকা দিয়ে একদিকে মা-বাবা, অন্যদিকে আমার সংসার চালাতে হয়। এছাড়া বেতনের টাকা দিয়ে আমার শিশুর দুধও কিনতে হয়। ‘আমাদের নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। বারবার বেতন দিবে বলে তারিখ দিলেও বেতন দেওয়ার নামে টালবাহানা করে আসছে। খালি তারা সময় নেয়। সামনে ঈদ, অন্যদিকে বাসা ভাড়া, দোকানের বিল কিভাবে দিবো। তাছাড়া আমার ৩ মাসের বাচ্চার জন্য দুধ কিনবো কোথা থেকে। এমন সময় কারখানা টাকা না দিয়ে বন্ধ করে দিয়েছে, এসময়ে কোথাও চাকরি পাবো না, এখন আমি কি করবো। তাই উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী ঈদের আগে নির্দিষ্ট সময়ে আমাদের বকেয়া বেতন সহ সার্ভিস বেনিফিট দেওয়ার দাবী জানাই।
শ্রমিক নেতা ফরিদুল ইসলাম বলেন, শ্রমিকদের দুই মাসের বেতন না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনা ন্যাক্কারজনক। তাই ঈদের আগেই বিজিএমই ও মালিক পক্ষের কাছে শ্রমিকদের সকল পাওনাদী দ্রুত পরিশোধ করার দাবী জানাই। অন্যথায়, কারখানার সামনে আমার এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এবিষয়ে জানতে কারখানাটির “জিএম” মাসুদ রানার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি ।
পরে এবিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো: মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের পাওনাদি নিয়ে অনেক দেন-দরবার হয়েছে, কিন্তুু মালিক পক্ষ কোন সমাধান দিতে পারেনি। তাই এর দবীতে শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমাদের অফিসাররা ঘটনাস্থলে থেকে তাদের বুঝিয়ে-শুনিয়ে রাস্তা থেকে সড়ানোর চেষ্টা করছে, এরআগে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে মিটিং ও চুক্তি করেছি, তবে এটা বাস্তবায়ন করা যাচ্ছেনা।
পড়ুন- জ্বালানিতে সংকট নেই, দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী
দেখুন- দুর্নীতি বন্ধ হলে বেশির ভাগ সমস্যার সমাধান হবে: বিমান ও পর্যটন মন্ত্রী


