কখনো রাজপথের উত্তাল স্লোগান, কখনো কারাগারের নিঃসঙ্গ অন্ধকার। কখনো হুইলচেয়ারে আদালতের কাঠগড়ায় হাজিরা, কখনো হাজার মাইল দূরে নির্বাসিত জীবনের দীর্ঘশ্বাস। শৈশবে হারিয়েছেন বাবা, পরিণত বয়সে ছোট ভাই, আর স্বদেশে ফেরার পর মাকেও। সতেরো বছর বিচ্ছিন্ন থেকেছেন জন্মভূমি, আপনজন আর প্রিয় দেশের মানুষের কাছ থেকে। তবুও থেমে যায়নি পথচলা। নিভে যায়নি স্বপ্নের প্রদীপ।
একদিন যে মানুষটিকে হুইলচেয়ারে করে নেওয়া হয়েছিল আদালতে, সময়ের অবিশ্বাস্য বাঁক ঘুরে সেই মানুষটির হাতেই উঠেছে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব!
কল্পনার কোনো চলচ্চিত্রের চিত্রনাট্য নয়, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনের বিস্ময়কর এক অধ্যায়। যেখানে জীবনের প্রতিটি বাঁকে আছে বেদনা, প্রতীক্ষা, সংগ্রাম আর ফিরে আসার গল্প।
দেশ তাঁর কাছে কেবল ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভূখণ্ড নয়। দেশ মানে কোটি মানুষের স্বপ্ন, কৃষকের ঘাম, শ্রমিকের শ্রম, তরুণের আকাঙ্ক্ষা আর সাধারণ মানুষের ভালো থাকার অধিকার।
তাই তাঁর রাজনৈতিক দর্শনের কেন্দ্রে একটিই উচ্চারণ – সবার আগে বাংলাদেশ।
গল্পের শুরু বিশ শতকের ষাটের দশকে। ২০ নভেম্বর জন্ম তারেক রহমানের। বাবা জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের অন্যতম সামরিক ব্যক্তিত্ব, পরবর্তী সময়ে রাষ্ট্রপতি। মা বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ইতিহাসের অস্থির সময়েই কেটেছে তাঁর শৈশব। মুক্তিযুদ্ধ, রাষ্ট্রীয় পালাবদল আর রাজনীতির উত্থান-পতনের মধ্য দিয়ে বেড়ে ওঠা। নিয়তি যেন খুব অল্প বয়সেই তাঁকে চিনিয়ে দেয় জীবনের সবচেয়ে নির্মম সত্য।
১৯৮১ সালের ৩০ মে। চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিশোর বয়সেই পিতৃহারা হন তারেক রহমান।
যে বয়সে বাবার হাত ধরে জীবনের পথ চিনে নেওয়ার কথা, সেই বয়সেই বাবার কফিনের সামনে দাঁড়াতে হয় তাঁকে। রাজনীতির ইতিহাসে ঘটনাটি একটি হত্যাকাণ্ড; কিন্তু কিশোর তারেক রহমানের ব্যক্তিগত জীবনে সেটি ছিল মাথার ওপর থেকে পিতৃস্নেহের ছায়া সরে যাওয়ার দিন।
সেদিন হয়তো তিনি বুঝতেও পারেননি, বাবার মৃত্যু দিয়ে শুরু হওয়া বেদনার সেই অধ্যায় ভবিষ্যতে আরও কত দীর্ঘ হবে!
কৈশোর পেরিয়ে যৌবন। পড়াশোনা, তারপর ধীরে ধীরে রাজনীতির কঠিন বাস্তবতায় প্রবেশ। মায়ের রাজনৈতিক সংগ্রাম খুব কাছ থেকে দেখা তরুণ তারেক রহমান একসময় নিজেও জড়িয়ে পড়েন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে।
১৯৯৪ সালে চিকিৎসক ডা. জুবাইদা রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের সংসার আলো করে জন্ম নেয় একমাত্র কন্যা জাইমা রহমান। কিন্তু ভাগ্যের চিত্রনাট্যে তখন অপেক্ষা করছিল অন্য এক দৃশ্য।
২০০৭ সালের ৭ মার্চ। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। বদলে যায় জীবনের দৃশ্যপট। রাজনৈতিক কার্যালয়ের ব্যস্ততা থেকে কারাগারের চার দেয়াল। মানুষের ভিড় থেকে নিঃসঙ্গ প্রকোষ্ঠ। মুক্ত আকাশ থেকে লোহার শিকের আড়াল।
কারাবন্দি অবস্থায় তাঁর ওপর গুরুতর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। নির্যাতনের ফলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মেরুদণ্ডসহ শরীরের বিভিন্ন অংশ। একসময় আদালতে হাজিরা দিতে তাঁকে দেখা যায় হুইলচেয়ারে।
যে মানুষটি একদিন রাজপথে হেঁটেছেন হাজারো মানুষের সঙ্গে, তাঁকেই আদালতের পথে এগিয়ে নিতে হচ্ছে হুইলচেয়ারে। চারপাশে নিরাপত্তার বলয়, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, শরীরে যন্ত্রণার ছাপ।
সেদিনের সেই হুইলচেয়ার কেবল একজন অসুস্থ মানুষের চলাচলের বাহন ছিল না; তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের এক প্রতীক হয়ে ওঠে। দীর্ঘ কারাবাসের পর ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমান তারেক রহমান।
শুরু হয় জীবনের আরেক অধ্যায়।
এবার কারাগারের দেয়াল নেই, কিন্তু আছে মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে থাকার যন্ত্রণা। আছে প্রিয় দেশের মাটি ছুঁতে না পারার কষ্ট। আছে পরিচিত মুখ, রাজনৈতিক সহযোদ্ধা আর দেশের মানুষের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন থাকার দীর্ঘ প্রতীক্ষা।
বাংলাদেশে তখন রাজনৈতিক পালাবদল, আন্দোলন, নির্বাচন আর নানা সংকট। আওয়ামী লীগ শাসনামলে তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা, বিচার ও সাজার ঘটনা ঘটে। পরে বিভিন্ন মামলায় তিনি খালাস পান।
দূরত্ব সত্ত্বেও রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেননি। ভিডিও বার্তায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক সিদ্ধান্ত, রাজনৈতিক কর্মসূচি ও দেশের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনার মধ্য দিয়ে প্রবাস থেকেই সক্রিয় রাখেন নিজের নেতৃত্ব।
দেশ থেকে দূরে ছিলেন, কিন্তু তাঁর রাজনৈতিক জীবনের কেন্দ্র থেকে বাংলাদেশ কখনো দূরে সরে যায়নি।
২০১৫ সালের ২৪ জানুয়ারি তারেক রহমানের বেদনা আরও গভীর হয়ে আসে। মারা যান একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকো।
শৈশবের খেলার সঙ্গী, একই পরিবারের সুখ-দুঃখের অংশীদার, জীবনের দীর্ঘ পথের আপন সহযাত্রী -চিরদিনের জন্য চলে যান। একদিন হারিয়েছিলেন বাবাকে, এবার হারালেন ছোট ভাইকে।
নির্বাসিত জীবনের নিঃসঙ্গতায় এই শোক যেন আরও ভারী হয়ে ওঠে।
এদিকে দেশে বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন মা বেগম খালেদা জিয়া। রাজনৈতিক মামলা, কারাবাস ও অসুস্থতার কঠিন সময় অতিক্রম করেছেন তিনি। আর দূরদেশে থেকে মায়ের জীবনের সেই সংগ্রাম প্রত্যক্ষ করতে হয়েছে সন্তানকে।
একদিকে অসুস্থ মা, অন্যদিকে মাতৃভূমিতে ফিরতে না পারার দীর্ঘ যন্ত্রণা। জীবনের এই অধ্যায়ে নির্বাসন যেন কেবল ভৌগোলিক দূরত্ব নয়, এক দীর্ঘ মানসিক কারাবাস।
অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, তারেক রহমানের রাজনৈতিক জীবনের শেষ অধ্যায় লেখা হবে লন্ডনের মাটিতেই। কিন্তু ইতিহাসের গল্প কখনো কখনো কল্পনাকেও হার মানায়!
২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে ঘটে ঐতিহাসিক পটপরিবর্তন। আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে তৈরি হয় নতুন রাজনৈতিক বাস্তবতা। ধীরে ধীরে খুলতে থাকে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তনের পথ।
অবশেষে আসে সেই দিন। ২৫ ডিসেম্বর, ২০২৫।
সতেরো বছরের বেশি সময় পর জন্মভূমির মাটিতে ফিরে আসেন তারেক রহমান। পায়ের জুতো খুলে জন্মভূমির স্পর্শ গ্রহণ করেন তিনি।
এ যেন দীর্ঘ এক চলচ্চিত্রের সেই প্রত্যাবর্তনের দৃশ্য, যেখানে প্রধান চরিত্র ফিরে আসে সব প্রতিকূলতার দেয়াল অতিক্রম করে। কিন্তু নিয়তি যেন আনন্দের মাঝেও রেখে দিয়েছিল বেদনার শেষ আঘাত।
দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর চিরবিদায় নেন মা বেগম খালেদা জিয়া। যে মায়ের আপোষহীন রাজনৈতিক সংগ্রাম দেখে বড় হয়েছেন, যে মায়ের স্নেহ আর সাহস ছিল জীবনের অন্যতম আশ্রয়, দীর্ঘ বিচ্ছেদের পর সেই মাকেও হারাতে হয় তাঁকে। বাবা নেই। ছোট ভাই নেই। এবার মা-ও নেই। যাঁদের নিয়ে শুরু হয়েছিল জীবনের গল্প, তাঁদের শূন্যতা নিয়েই শুরু হয় নতুন অধ্যায়।
এরপর রাজনীতির মঞ্চে আসে এমন এক অধ্যায়, যা হয়তো তাঁর জীবনের সবচেয়ে বড় বাঁক।
২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ঢাকা-১৭ ও বগুড়া-৬ – দুটি আসনেই জয়লাভ করেন তারেক রহমান। ১৭ ফেব্রুয়ারি শপথ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে।
কী আশ্চর্য সময়ের পরিক্রমা! একদিন যে আদালতে হুইলচেয়ারে হাজির হতে হয়েছিল, সেই দেশের সরকারের সর্বোচ্চ নির্বাহী পদে এখন তাঁর অবস্থান। প্রথমবার সংসদ সদস্য হয়েই প্রধানমন্ত্রী হওয়ার নজির অবশ্য এ দেশে আগেও ছিল। ১৯৯১ সালে প্রথম সংসদ নির্বাচনে জয়লাভ করেই প্রধানমন্ত্রী হয়েছিলেন তাঁর মা বেগম খালেদা জিয়া। পঁয়ত্রিশ বছরের ব্যবধানে মা ও ছেলের জীবনে ফিরে আসে ইতিহাসের সেই বিরল সাদৃশ্য।
একটি চলচ্চিত্র হলে হয়তো এখানেই শেষ দৃশ্যের পর্দা নামত। দর্শক হয়তো বিস্ময়ে বলতেন -এমন গল্প কি বাস্তবে সম্ভব! কিন্তু তারেক রহমানের জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আজ তাঁর সামনে নতুন এক বাংলাদেশ গড়ার চ্যালেঞ্জ। পেছনে পড়ে আছে বাবার স্মৃতি, মায়ের সংগ্রাম, ভাই হারানোর বেদনা, কারাগারের যন্ত্রণা, হুইলচেয়ারের অসহায় দিন আর নির্বাসনের সতেরোটি দীর্ঘ বছর। সামনে এখন কোটি মানুষের আশা, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আর ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন।
যে মানুষটির জীবনের এতগুলো অধ্যায় লিখেছে সময়, তাঁর রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি হয়তো লেখা হচ্ছে এখন।
জীবন তাঁকে দিয়েছে শোক, দিয়েছে সংগ্রাম, দিয়েছে বিচ্ছেদের যন্ত্রণা। আবার ফিরিয়ে দিয়েছে মাতৃভূমি, মানুষের ভালোবাসা আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। সব মিলিয়ে এক অসাধারণ রাজনৈতিক উপাখ্যান -যেখানে অশ্রু আছে, অপেক্ষা আছে, অন্ধকার আছে, আবার আছে ফিরে আসার আলো। আর সেই আলোর পথ ধরে তাঁর আগামী দিনের অঙ্গীকার হয়ে থাকুক -সবার আগে বাংলাদেশ। জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা। আগামীর পথচলা হোক মানুষের কল্যাণে, রাষ্ট্রের সমৃদ্ধিতে আর গণতান্ত্রিক বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে।
শুভ জন্মদিন, তারেক রহমান।
পড়ুন : ‘এনাফ ইজ এনাফ’- নীরবতার বুক চিরে তারেক রহমানের বজ্রধ্বনি!


