তিন বাহিনীপ্রধানের মূল বেতন ১ লাখ ৭২ হাজার, সৈনিকদের ২১ হাজার ৪০০ টাকা

বেসামরিক সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারির প্রায় দুই মাস পর সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করেছে সরকার। এতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী—এ তিন বাহিনীপ্রধানের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আর সৈনিকদের মূল বেতন হবে ২১ হাজার ৪০০ টাকা।

জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য আলাদা বেতন ও ভাতা নির্দেশাবলি ১৫ নভেম্বর জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ৮৪ পৃষ্ঠার এই নির্দেশনাবলিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারণের নতুন নিয়ম তুলে ধরা হয়েছে।

বাহিনীপ্রধান থেকে শুরু করে কমিশন্ড অফিসার, জেসিও, সৈনিক, রিক্রুট ও ক্যাডেটদের জন্য আলাদা বেতনসীমা নির্ধারণ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের মতো সামরিক বাহিনীর সদস্যদেরও নতুন মূল বেতন ধাপে ধাপে কার্যকর হবে বলে নির্দেশনায় বলা হয়, যা কার্যকর হবে ২০২৬ সালের ১ জুলাই থেকে। এ ছাড়া সেনাবাহিনীর মেডিকেল কোর, ডেন্টাল কোর, প্রকৌশল, সিগন্যালস ও ইএমই কোরের কর্মকর্তাদের জন্যও আলাদা নির্দেশনা রয়েছে। একইভাবে নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের জন্য পদমর্যাদা অনুযায়ী নতুন কাঠামোর আওতায় বেতন–ভাতা নির্ধারণ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাহিনীপ্রধান থেকে ওয়ারেন্ট অফিসার পর্যন্ত প্রথম ছয় মাসে নতুন বেতনের ৪০ শতাংশ এবং পরের ছয় মাসে আরও ৩০ শতাংশ পাবেন। সার্জেন্ট থেকে নিচের পদ ও ক্যাডেটদের ক্ষেত্রে হার হবে যথাক্রমে ৫০ ও ২৫ শতাংশ। এরপর ২০২৭ সালের ১ জুলাই থেকে সবাই পূর্ণ বেতন পাবেন। তবে বাড়তি ভাতার নতুন হার কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে। এর আগ পর্যন্ত ২০২৬ সালের ৩০ জুনে প্রচলিত হারেই ভাতা দেওয়া হবে।

নির্দেশনা অনুযায়ী প্রত্যেক বাহিনীপ্রধানের নির্ধারিত বেতন ১ লাখ ৭২ হাজার টাকা। এ ছাড়া লেফটেন্যান্ট জেনারেল পদের জন্য নতুন বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা এবং মেজর জেনারেলের ১ লাখ ৫৬ হাজার টাকা। আর নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল পদের জন্য ১ লাখ ৬৪ হাজার টাকা এবং রিয়ার অ্যাডমিরাল পদের বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। বিমানবাহিনীর এয়ার মার্শাল পদের জন্য ১ লাখ ৬৪ হাজার টাকা এবং এয়ার ভাইস মার্শাল পদের জন্য নিধারিত বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা।

এ ছাড়া ব্রিগেডিয়ার জেনারেল থেকে নিচের পদগুলোতে চাকরির বছর অনুযায়ী বেতনের ধাপ নির্ধারণ করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল পদে ১৭তম বছরে মূল বেতন হবে ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা। ১৭তম বছরে কর্নেল পদে বেতন হবে ১ লাখ ২৫ হাজার ৩০০ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পদে ১ লাখ ২২ হাজার টাকা এবং মেজর পদে ১ লাখ ১৭ হাজার ৭০০ টাকা। ক্যাপ্টেন পদে প্রথম বছরে মূল বেতন হবে ৫৮ হাজার টাকা। লেফটেন্যান্ট পদে প্রথম বছরে ৪৮ হাজার ৩০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পদে ৪৬ হাজার ২০০ টাকা। আর সৈনিকের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। নৌ ও বিমানবাহিনীর সমমর্যাদার সদস্যদের ক্ষেত্রেও একই বেতন কাঠামো প্রযোজ্য হবে।

মূল বেতনের বাইরে কমান্ড, স্টাফ, চার্জ ও শিক্ষকতা ভাতার হারও বাড়ানো হয়েছে। বাহিনীপ্রধানের জন্য এ ভাতা মাসে ৩ হাজার ৭৫০ টাকা। লেফটেন্যান্ট জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তারা পাবেন ২ হাজার ৮৬০ টাকা। মেজর জেনারেল ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য এ ভাতা ২ হাজার ৪২১ টাকা, ব্রিগেডিয়ার জেনারেলের ২ হাজার ২০০ টাকা, কর্নেলের ১ হাজার ৯৮২ টাকা এবং লেফটেন্যান্ট কর্নেলের ১ হাজার ৭৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মেজর ও সমমর্যাদার কর্মকর্তারা পাবেন ১ হাজার ৩৩০ টাকা। ক্যাপ্টেন ও তদনিম্ন পর্যায়ে এ ভাতা ৮৮০ টাকা। যোগ্যতা ভাতাও বাড়ানো হয়েছে, যা মাসে ৫৫৪ থেকে ৮৮০ টাকা পর্যন্ত।

নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনীর পাইলট ও ফ্লাইট ক্রুদের ক্ষেত্রে ব্রিগেডিয়ার জেনারেল ও তার ওপরের পদে উড্ডয়ন ভাতা মাসে ১২ হাজার টাকা এবং কর্নেল ও তার নিচের পদে ১০ হাজার টাকা। এ ক্ষেত্রে নৌবাহিনীর কমান্ডার ও তার ওপরের কর্মকর্তারা পাবেন ১২ হাজার টাকা এবং ক্যাপ্টেন ও নিচের কর্মকর্তারা ১০ হাজার টাকা পাবেন। আর বিমানবাহিনীর ক্ষেত্রে এয়ার কমোডর ও তার ওপরের কর্মকর্তাদের জন্য ১২ হাজার টাকা, গ্রুপ ক্যাপ্টেন ও নিচের কর্মকর্তাদের জন্য ১০ হাজার টাকা এবং গ্রাউন্ড প্রশিক্ষকদের জন্য ২ হাজার টাকা উড্ডয়ন ভাতা নির্ধারণ করা হয়েছে।

চিকিৎসক কর্মকর্তাদের বিশেষজ্ঞ ভাতাও পদমর্যাদা অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। মেজর জেনারেল ও তার ওপরের পর্যায়ে মাসে ২ হাজার ৮৩০ টাকা, ব্রিগেডিয়ার জেনারেল পর্যায়ে ২ হাজার ২০০ টাকা, কর্নেল পর্যায়ে ১ হাজার ৯৮২ টাকা, লেফটেন্যান্ট কর্নেল পর্যায়ে ১ হাজার ৭৬৪ টাকা এবং মেজর পর্যায়ে ১ হাজার ৩৩০ টাকা। এ ছাড়া প্যারাসুট ভাতা ৬৬৪ টাকা থেকে বাড়িয়ে ৭১৫ টাকা, সাবমেরিন ভাতা ৩ হাজার টাকা থেকে ৪ হাজার ৫০০ টাকা, স্কুবা ডাইভিং ভাতা ৬৬৪ টাকা থেকে ৭১৫ টাকা এবং স্নাইপার ভাতা ৬৫০ টাকা থেকে ৭১৫ টাকা করা হয়েছে।

নতুন নির্দেশনায় প্রতিরক্ষা সার্ভিস ভাতা জেনারেল পর্যায়ে ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭ হাজার ২০০ টাকা এবং সেকেন্ড লেফটেন্যান্ট পর্যায়ে ৫ হাজার ৫৭৫ টাকা থেকে বাড়িয়ে ৬ হাজার ৬৯০ টাকা করা হয়েছে। কিট ভাতা ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩২০ টাকা, ব্যাটম্যান ভাতা ৬০০ টাকা থেকে ১ হাজার ২০০ টাকা এবং ডিস্টার্ব্যান্স ভাতা ২ হাজার টাকা থেকে ২ হাজার ২০০ টাকা করা হয়েছে। ঝুঁকি ভাতা দৈনিক ১১০ টাকা থেকে বাড়িয়ে ১২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন করে মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তানের ভাতা, হাওর-দ্বীপ-চর ভাতা এবং তেজস্ক্রিয় ঝুঁকি ভাতাও যুক্ত করা হয়েছে নির্দেশনায়। মোবাইল ভাতা পাবেন মেজর ও তার ওপরের কর্মকর্তারা মাসে ৫০০ টাকা এবং ক্যাপ্টেন ও নিচের পদের চাকরিজীবীরা ১৫০ টাকা।

প্রতিবন্ধী সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে সর্বোচ্চ দুই সন্তানের ভাতা পাওয়া যাবে। হাওর, দ্বীপ ও চর ভাতা হবে মূল বেতনের ২০ শতাংশ, তবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। রাডার ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরতদের তেজস্ক্রিয় ঝুঁকি ভাতা দেওয়া হবে মাসে ২ হাজার টাকা করে।

বিজ্ঞাপন

পড়ুন : ১২ দিনে সারাদেশে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন