পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহ মুক্তি পাচ্ছে ‘বনলতা এক্সপ্রেস’। হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম নূর। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ের এয়ারফোর্স বেজক্যাম্পে আয়োজিত হইচই আড্ডা ও ‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলার প্রকাশ করা হয়। সিনেমাটি প্রযোজনা করেছে বুড়িগঙ্গা টকিজ।
এই আয়োজনে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান জানান, ঈদে বাংলাদেশে মুক্তির পর ৩ এপ্রিল উত্তর আমেরিকা ও ইউরোপে একযোগে ছবিটি মুক্তি পাবে। এর আগে ৭টা ৪০ মিনিটে সিনেমার ট্রেলার দেখানো হয়। ট্রেলারের শেষ ভাগে মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর একটি সংলাপ উপস্থিত দর্শকের মধে৵ সাড়া ফেলে। দৃশ্যটি দেখে বড় পর্দার সামনে কাছাকাছি বসা মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীকে খুনসুটি করতে দেখা গেছে। তাতে বাঁধনও যোগ দেন।
চঞ্চল চৌধুরী বলছেন, মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমায় শেষবার মোশাররফ করিমের সঙ্গে কাজ করেছেন তিনি, এরপর প্রায় এক যুগ দুজনকে আর বড় পর্দায় দেখা যায়নি। একসঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমার মধ্যে একধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল। তানিম নূরকে ধন্যবাদ জানাই।’
মোশাররফ করিম যোগ করেন, ‘আমরা দুজনে অনেক আগে থেকে একসঙ্গে কাজ করছি। একসঙ্গে অনেক নাটক করেছি। একসঙ্গে সিনেমাটা করতে পেরে আমরা আনন্দিত। সিকোয়েন্সগুলো খুব এনজয় করেছি।’
ট্রেলার প্রদর্শনের পর বেজক্যাম্পে তেঁতুলগাছের তলায় সাংবাদিকদের সামনে আসেন নির্মাতা তানিম নূর, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, ইন্তেখাব দিনার, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, সাবিলা নুর, সাকিব আর খান।
তানিম নূর বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যার, আইয়ুব বাচ্চু ভাইকে স্মরণ করছি। যেকোনো সিনেমা একা করা যায় না, সিনেমার সঙ্গে যুক্ত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। অত্যন্ত গুণী অভিনয়শিল্পীরা আছেন, তাঁদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
আজমেরী হক বাঁধন বলেন, ‘এত অর্গানাইজড টিম আগে কখনো দেখিনি। আমরা সবাই মিলে চেষ্টা করেছি, চেষ্টাটা পর্দায় আপনারা দেখতে পাবেন।’
শরীফুল রাজের ভাষ্য, ‘আমি হুমায়ূন স্যারের ভক্ত। স্যার বেঁচে থাকলে খুব খুশি হতেন। আমাদের সবার জন্য দোয়া করবেন।’
সাবিলা নূর বলেন, ‘আমার সবচেয়ে বেশি দৃশ্য ছিল, মোশাররফ করিম ভাইয়া ও রাজ ভাইয়ার সঙ্গে। দুজনের কাছে একটু ক্ষমা চেয়ে নিতে চাই, দুজনকে অনেক জ্বালিয়েছি বিরক্ত করেছি। পুরো টিম ভীষণ গ্রেটফুল।’


