বিজ্ঞাপন

দলীয় প্রার্থীদের প্রশাসক-ভিসি নিয়োগ করে জুলাই স্পিডকে অবজ্ঞা করেছে সরকার

জাতীয় নির্বাচনে পরাজিত দলীয় প্রার্থীদের বিভিন্ন জেলা ও সিটি করপোরেশনে প্রশাসক এবং বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য (ভিসি) পদে নিয়োগ দিয়ে সরকার ‘জুলাই স্পিড’ বা জুলাইয়ের চেতনাকে অবজ্ঞা করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বিজ্ঞাপন

দলটির দাবি, গণতান্ত্রিক রীতি ধ্বংস করে মেধার পরিবর্তে দলীয় অনুগতদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা জুলাই বিপ্লবের ছাত্র-জনতার আকাঙ্ক্ষার পরিপন্থী।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম।

সংবাদ সম্মেলনে মাওলানা আব্দুল হালিম বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি ও ১৪ মার্চ দুই দফায় ১১টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। অথচ স্থানীয় সরকার মন্ত্রীর বাসায় ইফতার মাহফিলে আলোচনার সময় আমরা বুঝেছিলাম দ্রুত নির্বাচন হবে। এখন দেখছি সরকার নির্বাচনের পথে না গিয়ে পরাজিত দলীয় নেতাদের প্রশাসক হিসেবে বসিয়ে দিচ্ছে।’

দলীয় প্রার্থীদের নিয়োগের উদাহরণ দিয়ে জামায়াতের এই নেতা বলেন, ঢাকা-১৫ আসনে পরাজিত শফিকুল ইসলাম মিল্টন ও খুলনায় পরাজিত নজরুল ইসলাম মঞ্জুকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা ব্যক্তিকে টার্গেট করছি না। আমাদের কথা হলো, সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর আঘাত করেছে। গত ১৭-১৮ বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, তার অন্যতম লক্ষ্য ছিল জনগণের মতামতকে তোয়াক্কা না করে দলীয় লোক বসানোর সংস্কৃতি বন্ধ করা।’

তিনি আরও জানান, ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জামায়াতে ইসলামী ৭টি জেলায় নিরঙ্কুশ বিজয় লাভ করলেও সেসব স্থানেও দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে। গাইবান্ধা ও কুড়িগ্রামের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে পরাজিত প্রার্থীদের প্রশাসক বানানো হয়েছে, যা হাস্যকর ও গর্হিত কাজ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সমালোচনা করে আব্দুল হালিম বলেন, ‘ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামসহ ৭টি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ইউজিসির চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে। পদত্যাগ করিয়ে সেখানে এমন লোকদের বসানো হয়েছে, যারা গত নির্বাচনে প্রার্থী হতে ক্যাম্পেইনিং ও পোস্টারিং করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে দলীয় লোক বসানো জুলাই স্পিডের (মেধা না কোটা, মেধা মেধা) সম্পূর্ণ বিপরীত।’

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনকেও ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, গত ২৫ ফেব্রুয়ারি দক্ষ হিসেবে পরিচিত আহসান এস মনসুরকে সরিয়ে মোশতাকুর রহমান নামে একজন ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে। কোনো ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর করা অতীতে দেখা যায়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন– জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান।

মাওলানা আব্দুল হালিম বলেন, ‘জাতীয় নির্বাচনের পর জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক কালচার সমুন্নত থাকবে। আমরা সরকারকে এসব জনমতবিরোধী নিয়োগ বাতিল করে জনগণের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।’

পড়ুন:জনগণের কল্যাণে কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করবে বিরোধীদল: জামায়াত আমির

দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন