নওগাঁ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও নওগাঁ পৌর বিএনপির সভাপতি ডা. শেখ মিজানুর রহমান স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
বুধবার (১৮ মার্চ) শহরের পুরাতন বাসস্টান্ড মোড়ের ফুড প্যালেস রেস্টুরেন্টে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভা শেষে ইফতার পার্টিতে মিলিত হন আমন্ত্রিত ব্যক্তিরা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম রতন, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সাথী ও মহসিন আলী, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, দৈনিক আমার দেশের নওগাঁ প্রতিনিধি আনোয়ার হোসেন, নওগাঁ বিসিআইসি সার ডিলার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
মেয়র পদপ্রার্থী মিজানুর রহমান বলেন, ‘বিএনপির একজন কর্মী হিসেবে নওগাঁ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করার জন্য দলের কাছে আমি মনোনয়ন চাইব। দল আমাকে মনোনয়ন দিলে আর জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে নওগাঁ শহরকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে চাই।’
তিনি আরও বলেন, ‘নওগাঁ পৌরসভা একটি প্রথম শ্রেণির পৌরসভা। অথচ এই পৌরসভার বাসিন্দাদের ভোগান্তির কোনো শেষ নেই। রাস্তাঘাটগুলোর বেহাল দশা, প্রায় সারা বছর শহরের সড়কগুলোতে যানজট লেগে থাকে। পৌর এলাকায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। পৌরসভার দীর্ঘ দিনের এসব সমস্যা দূর করা হবে আমার প্রধান অঙ্গীকার। নওগাঁ শহরকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলতে চাই।
পড়ুন : সুখে-দুঃখে শহীদ পরিবারের পাশে ডেপুটি স্পিকার, বাড়ি বাড়ি পৌঁছে গেল ঈদের আনন্দ


