ঈদযাত্রায় সড়কপথে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ঢাকার ফুলবাড়িয়া, গুলিস্তান, যাত্রাবাড়ী, ধোলাইপাড়, সায়েদাবাদ, আব্দুল্লাহপুর, কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় এ অভিযান চালানোর কথা এক সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছে।
ঢাকার বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড়, টাঙ্গাইলের এলেঙ্গা, বরিশাল ও খুলনায় অভিযান চালিয়েও জরিমানা আদায়ের কথাও জানানো হয়েছে সেখানে।
ঈদযাত্রা শুরুর পর থেকেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দাবি করে আসছিলেন, এবার গণপরিবহনগুলো নির্ধারিত ভাড়ার ‘বেশি আদায় করছে না’।
বুধবারও ঢকার গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, “সবাই নির্ধারিত ভাড়াই নিচ্ছে। বরং দুয়েকটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়েও ২০-৩০ টাকা কম নিচ্ছে, যা যাত্রীদের জন্য স্বস্তিদায়ক।”
তবে ‘যাত্রী কল্যাণ সমিতি’ দাবি করেছে, এবার ঈদে ৮৭ শতাংশ বাস ও মিনিবাসে ভাড়া বাড়ানো হয়েছে। সব মিলিয়ে শুধু ঈদযাত্রায় যাত্রীর পকেট থেকে অতিরিক্ত ভাড়াবাবদ বের করে নেওয়া হচ্ছে ১২১ কোটি ৮০ লাখ টাকা।
পরদিনই সরকারের তরফে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে বিভিন্নস্থানে জরিমানার তথ্য দেওয়া হল।
ঈদযাত্রার ‘ভাড়া নৈরাজ্য ঠেকাতে’ এই অভিযানের কথা জানিয়ে তথ্য বিবরণীতে বলা হয়েছে, অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি ঠেকাতে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ‘জোরদার করা হয়েছে’।
এদিন ঢাকার ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ধোলাইপাড় এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৪টি পরিবহনকে ১৩ হাজার টাকা ও সায়েদাবাদ এলাকায় তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।
এছাড়া আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখা ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে ৪টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল বলেও জানানো হয়েছে।
ঢাকার বাইরে চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় ৭ হাজার টাকা এবং টাঙ্গাইলের এলেঙ্গায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই দিনে বরিশালে পরিচালিত ১টি অভিযানে ৩ হাজার টাকা ও খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় ৩টি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

