পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিরোধী দলের কাজ শুধুমাত্র সমালোচনা করা নয়; বরং সরকারের ভালো কাজগুলোকে স্বীকৃতি দেওয়া এবং ভুল-ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরা।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুল মাঠে জেলা বিএনপির উদ্যোগে গুম-খুন ও জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা নির্বাচন করে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছি। জুলাই সনদ পাঠ করে শপথ নেওয়ার বিষয়টি আগে কখনো আলোচনায় ছিল না। এ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা খুব জটিল কিছু নয়। সংসদের প্রথম দিন এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে এবং পরবর্তী দিনে আলোচনা হয়েছে। আলোচনার মাধ্যমে বিষয়টি অনেকাংশে সমাধান হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সংসদে উপস্থাপনের মাধ্যমে হ্যাঁ বা না ভোটের ভিত্তিতে এটি কার্যকর হবে এবং সংবিধানের অংশ হিসেবে অন্তর্ভুক্ত থাকবে।
খাল খনন কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, “বর্তমানে জামায়াতের আমির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আমরা ১৮০ দিনের খাল খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এক মাস পার হয়েছে, তাই এই কাজের সুফল পেতে সরকার ও বিরোধী দল- উভয়কেই ধৈর্য ধরতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা জামায়াতের আমির মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া, সেক্রেটারি এ আর হাফিজ উল্যাহসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পড়ুন : হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার দিলেন দাগনভূঞা প্রবাসী ফোরাম


