লালমনিরহাটে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি শিশুসহ একই পরিবারের ৮ জন আহত হয়েছেন। রবিবার(২২ মার্চ) সকালে শহরের বিজিবি ক্যান্টিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে কালীগঞ্জ উপজেলার শিয়ালখোয়া থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক যাত্রী নিয়ে কুলাঘাটের দিকে যাচ্ছিল। ইজিবাইকটি লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘তিশা পরিবহন’ যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো -ক ১২২০৭৬ নামের একটি বাসের সাথে এর মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সজোরে ধাক্কায় ইজিবাইকটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় আহতরা সবাই ইজিবাইকের যাত্রী এবং একই পরিবারের সদস্য। আহতদের মধ্যে রয়েছেন, আয়নাল হক (৭০), তার ছেলে গোলাম রব্বানী (৪২), মেয়ে আছিয়া (৪৫), জামাতা বাবর আলী (৪৫), নুরবানু (৩২) এবং বাবর আলীর ৫ বছর বয়সী শিশুপুত্র আবদুল্লাহসহ আরও দুইজন।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিয়াউল হাসান শিপলু চিকিৎসাধীন রোগীদের বিষয়ে জানান, দুর্ঘটনায় আহত ৮ জনের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন জানান, নারায়ণগঞ্জের একটি বাস টেকনিক্যাল এলাকা থেকে ক্যান্টিন মোড় ঘোরার সময় কালীগঞ্জ থেকে কুলাঘাটগামী একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার ৮ যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করে লালমনিরহাট পুলিশ ফাঁড়িতে রেখেছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।


