মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদা বলেছেন, সরকারি হাসপাতালগুলোতে যদি মানসম্পন্ন ও পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা নিশ্চিত করা যায়, তবে প্রাইভেট চিকিৎসা খাতের উপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি জানান, খুব শিগগিরই সরকারি হাসপাতালগুলোতে সকল ধরনের চিকিৎসা সেবা চালু করার উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (২২ মার্চ) সকাল ১১টায় ধানখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্যাম্পটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়ন শাখা।
তিনি আরও বলেন, গ্রামীণ জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
দিনব্যাপী অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে সেবা প্রদান করেন। তাদের মধ্যে ছিলেন নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. মো. নাহিদুজ্জামান, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সহকারী অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম শাহীন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আব্দুল আল মারুফ, কনসালটেন্ট (শিশু) ডা. এ.কে.এম. শামসুল আলম (লাবু) এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডা. উম্মে কুলসুম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী, রাজনৈতিক সেক্রেটারি জিল্লুর রহমান, গাংনী পৌর আমির আহসান হাবিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আয়োজনের দাবি জানান।
পড়ুন- জ্বালানি তেলের সংকটে রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ
দেখুন- দেশবাসীর সমর্থনে প্রত্যাশিত বাংলাদেশ গড়ব: প্রধানমন্ত্রী


