প্রথমার্ধে পাত্তা না পেলেও দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ। তাতে বাড়েনি হারের ব্যবধান।
হ্যানয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (২৬ মার্চ) ভিয়েতনামের কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একটি করে গোল করেছেন পাম জুয়ান মান ও গুয়েন হেই লং। অন্যটি ছিল আত্মঘাতী।
আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সে ম্যাচের প্রস্তুতি হিসেবে আজ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামে লাল সবুজরা। হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, ফাহমেদু্ল ইসলাম ও জায়ান আহমেদের মতো তারকাদের নিয়ে শুরুর একাদশ সাজান কোচ হাভিয়ের কাবরেরা। তবে ছিলেন না জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন। দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামানো হয়।
এদিন প্রথমার্ধে একক আধিপত্য ছিল ভিয়েতনামের। শুরু থেকে একের পর এক আক্রমণ শাণিয়ে যায় তারা। এর মধ্যে বাংলাদেশের রক্ষণভাগের ব্যর্থতায় ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। কর্নার থেকে প্রতিপক্ষের ক্রস গোলমুখে ক্লিয়ার করতে ব্যর্থ হন লেফট-ব্যাক জায়ান আহমেদ। তার শরীর স্পর্শ করে বল জড়ায় জালে।
র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা দলটি শক্তিমত্তার পরিচয় দিয়ে ১৮তম মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে নেয়। ফ্রি-কিক থেকে পাওয়া বল ডি-বক্সে পেয়ে জালে জড়ান পাম জুয়ান মান। এরপর ৩৮তম মিনিটে ডি-বক্স থেকে নেয়া গুয়েন হেই লংয়ের নিঁখুত শট পরাস্ত করে বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে। তাতে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ভিয়েতনাম।
দ্বিতীয়ার্ধের শুরুতে মিরাজুল ইসলাম ও ফাহমেদুলকে বদলি করে মাঠে নামানো হয় মোরসালিন ও শাহরিয়ার ইমনকে। কিছুক্ষণ পর বদলি হিসেবে নামেন জামাল ভূঁইয়াও। তবে একাধিক পরিবর্তন এনেও খুব একটা সুবিধা আদায় করতে পারেনি বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের ১০৩ নম্বরে থাকা দলটি বারবারই আক্রমণে আধিপত্য দেখিয়ে গেছে। যে কয়েকটি সুযোগ বাংলাদেশ পেয়েছিল, সেগুলো খুঁজে নিতে পারেনি জাল। তবে ১৮১ নম্বর র্যাঙ্কিংয়ে থাকা লাল সবুজরা ভালোভাবেই সামাল দিতে পেরেছে রক্ষণ। তাতে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হজম করতে হয়নি।
আপাতত বাংলাদেশের নজর এখন সিঙ্গাপুর ম্যাচের দিকে। এশিয়ান কাপ বাছাইয়ে বর্তমানে ‘সি’ গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সিঙ্গাপুর। সমান সংখ্যক ম্যাচ খেলে হংকংয়ের পয়েন্ট ৮, বাংলাদেশের ৫ এবং ভারতের ২। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
পড়ুন : হামজাকে নিয়ে ভিয়েতনামের বিপক্ষে নামছে বাংলাদেশ, নেই জামাল


