জয়পুরহাটের ক্ষেতলালে সড়কে ব্যারিকেড দিয়ে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পিস্তল, সামুরাই ও রামদা ঠেকিয়ে পথচারীদের গাছের সঙ্গে বেঁধে নগদ টাকা, ৯টি মোবাইল ফোন ও একটি নতুন মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে। গত বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের সন্ন্যাসতলীর তুলসীগঙ্গা ব্রিজ এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় বেসরকারি কোম্পানিতে কর্মরত এবং গভীর নলকূপ ব্যবসায়ী রানু তালুকদার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের এক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক সঙ্গে কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ডাকাতরা তাদের গতিরোধ করে। ডাকাতদের হাতে পিস্তল, সামুরাই ও রামদা দেখে তারা আতঙ্কে আত্মসমর্পণ করেন। পরে ডাকাতরা তাদের গাছের সঙ্গে বেঁধে তিনটি মোবাইল ফোনসহ সঙ্গে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী রানু তালুকদার জানান, তাদের আটকে রাখার কিছুক্ষণ পর একইভাবে আরও কয়েকজন পথচারীকে আটক করে ডাকাতরা। পরে তাদের কাছ থেকেও মোবাইল ও টাকা লুট করা হয়। ডাকাতরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার পর ভুক্তভোগীরা নিজেদের বাঁধন খুলে বাড়ি ফেরেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

