সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ আটক করেছে। এসব ঔষধ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নং ধনপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ মাছিমপুর বিওপি।
গত ২৭ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮ টার দিকে সীমান্ত পিলার ১২০৮/৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গামাইতলা নামক স্থান থেকে এসব ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।
আটককৃত ঔষধের মধ্যে রয়েছে— ১১ হাজার ৯৭০ পিস ZUVIMIDE Capsule (100mg), ৫ হাজার পিস ISONEC Tablet (20mg) এবং ১২০ পিস KLACID (IV) Injection। বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব ঔষধের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বদা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। আটককৃত ভারতীয় ঔষধগুলো শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
পড়ুন:ত্রয়োদশ জাতীয় সংসদের কমিটির প্রথম বৈঠক আজ
দেখুন:কলসি ভরা স্বর্ণ দেয়ার প্রলোভনে প্রতারণা, ৩ প্রতারক গ্রেপ্তার
ইমি/


