ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে হামলা, তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মী আহত হওয়ার ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবদল। একই দিনে সংঘটিত দুই ঘটনার সময়গত নৈকট্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর এলাকায় মিছিলে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিল চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ করেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে আকিব, আজিজ, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিনের নাম জানা গেছে।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলেও জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে এ হামলা সংঘটিত করা হয়েছে বলেও স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শনে আসা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, একই দিন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ২১ নভেম্বর প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্য প্রদর্শনের সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিষয়টি জানান কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
তবে মিছিলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর একই দিনে উপজেলা যুবদলের কমিটি বিলুপ্তির সিদ্ধান্ত আসায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা তৈরি হয়েছে। অনেকের প্রশ্ন, নানুপুরে মিছিলে হামলা ও সংঘর্ষের ঘটনার সঙ্গে কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের কোনো যোগসূত্র রয়েছে কি না, নাকি এটি আগে থেকেই নেওয়া সাংগঠনিক সিদ্ধান্তের বাস্তবায়ন? যদিও কেন্দ্রীয় যুবদলের প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে শৈথিল্যের কথা উল্লেখ করা হয়েছে, মিছিলে হামলার ঘটনার সঙ্গে এ সিদ্ধান্তের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।
এদিকে, নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে কোনো তথ্য জানানো হয়নি।
পড়ুন : মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


