যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে রংপুর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সেনানিবাসে আয়োজিত এক মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রংপুর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি ১৯৭১ সালের ২১ নভেম্বর হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ করে রংপুরের বীর মুক্তিযোদ্ধাসহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তব্যে তিনি পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। জাতীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং দেশগঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়টিও তিনি তুলে ধরেন।
সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকারের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে প্রধান অতিথি বলেন, আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, মন্ত্রী মহোদয় ও সংসদ সদস্যগণ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পড়ুন : মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


