মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এবং উত্তরের জেলা দিনাজপুরের ঐতিহ্যবাহী লিচু ও কান্তজিউ মন্দিরের পর্যটনকে বিশ্বদরবারে তুলে ধরতে এক দুঃসাহসিক অভিযানে নেমেছেন তরুণ অ্যাথলেট সাখাওয়াত হোসেন সাকিব। ঢাকা থেকে দিনাজপুর পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দেওয়ার এই চ্যালেঞ্জের অংশ হিসেবে তিনি সফলভাবে সাঁতরে পার হয়েছেন প্রমত্তা যমুনা নদী।
গত ২ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকার ‘জিরো পয়েন্ট’ থেকে সাকিবের এই বিশেষ দৌড় শুরু হয়। বিরতিহীন এই অভিযাত্রার লক্ষ্য আগামী ৯ এপ্রিল দিনাজপুরের জিরো পয়েন্টে পৌঁছানো। যাত্রার তৃতীয় দিনে, ৪ এপ্রিল এক অনন্য নজির গড়েন তিনি। এদিন সকাল ৯টা ১৫ মিনিটে যমুনা নদীতে সাঁতার শুরু করেন সাকিব এবং দীর্ঘ ৩ ঘণ্টা যমুনার ঢেউয়ের সঙ্গে লড়াই করে দুপুর ১২টা ৭ মিনিটে ওপাড়ে পৌঁছান।
সাকিবের এই অভিযানের মূল স্লোগান হচ্ছে ‘মাদককে “না” বলুন’। একইসঙ্গে দিনাজপুরের ব্র্যান্ডিং অর্থাৎ জেলার রসালো লিচু এবং ঐতিহাসিক নিদর্শন কান্তজিউ মন্দিরের মাহাত্ম্য সবার সামনে তুলে ধরাও তার এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।
সাকিবের এই বিশাল ও চ্যালেঞ্জিং যাত্রায় সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দিনাজপুরের বিশিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পাটোয়ারী বিজনেস হাউস’। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং বিশিষ্ট শিল্পপতি সহিদুর রহমান পাটোয়ারী (মোহন) সাকিবের এই যাত্রার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তরুণদের এই অদম্য স্পৃহা সম্পর্কে সহিদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, “সাকিবের মতো মেধাবী ও সাহসী তরুণরা আমাদের গর্ব। এই ধরনের ইতিবাচক উদ্যোগে তাদের পাশে দাঁড়ালে তরুণদের মনোবল কয়েক গুণ বৃদ্ধি পায় এবং সমাজ সুন্দর আগামীর পথে এগিয়ে যায়।”
এখন পর্যন্ত সাকিবের এই সাহসিকতাপূর্ণ যাত্রা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। সাকিবের এই লক্ষ্য অর্জনে এলাকাবাসী তার সাফল্য কামনা করছেন।
পড়ুন : দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


