শেরপুর–৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের চলমান নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।
বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন অনিয়ম ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রার্থী এই সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচনের পরিবেশ ও অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য আসার পর পরিস্থিতি আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


