রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় প্রধান অভিযুক্ত মঈন উদ্দিনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে এ ঘটনায় মঈন উদ্দিনকে ১ নম্বর আসামি করে অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়। শনিবার (১১ এপ্রিল) হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে মামলাটি করেন।
অভিযোগ অনুযায়ী, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে সাবেক যুবদল নেতা মঈন উদ্দিনের নেতৃত্বে একদল ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে।
হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঈন উদ্দিন দলবল নিয়ে হাসপাতালে ঢুকে কর্মী ও কর্মকর্তাদের হুমকি দিচ্ছেন। একপর্যায়ে তিনি নিয়ম ভেঙে জোরপূর্বক অপারেশন থিয়েটারেও প্রবেশ করেন। এ সময় হাসপাতালের কর্মী আবু হানিফকে শারীরিকভাবে হেনস্তা করার ঘটনাও ফুটেজে ধরা পড়ে।
ভুক্তভোগী সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে মঈন উদ্দিন বিভিন্নভাবে অধ্যাপক ডা. কামরুল ইসলামকে চাপ প্রয়োগ করে আসছিলেন। তিনি জোরপূর্বক হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম, চালসহ বিভিন্ন পণ্য সরবরাহের চেষ্টা করেন। পাশাপাশি বিভিন্ন সময়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং হাসপাতালে কর্মরত সাবেক সরকারের সমর্থক কর্মীদের বের করে দেওয়ার জন্য চাপ দেন।
অধ্যাপক ডা. কামরুল ইসলাম জানান, এর আগে একাধিকবার হুমকির মুখে পড়ে তিনি স্থানীয় পুলিশ ও বিএনপি নেতাদের কাছে সহযোগিতা চাইলেও তা পাননি। এমনকি মঈন উদ্দিন কয়েক দফা ৫০-৬০ জন লোক নিয়ে হাসপাতালের সামনে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালান বলেও অভিযোগ করেন তিনি।
পড়ুন: হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা
আর/


