পিরোজপুরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, বেশি ভোগান্তিতে শ্রমজীবীরা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পিরোজপুরে টানা দুই দিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৃষ্টির কারণে সড়কে মানুষের চলাচল ও যানবাহন কমে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, রিকশা ও অটোরিকশাচালক, বাসচালক এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা।

গত দিন ও আজ শুক্রবার ২০ নভেম্বর ২০২৬ দুইদিন ধরে কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। সড়কে কমেছে যানবাহন ও মানুষের চলাচল। তবে জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবীদের। সারাদিন অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত আয়।

ঘাটে কাজের আশায় বসে থেকেও কাজ না পাওয়ার কথা জানিয়ে দিনমজুর পারভেজ বলেন, বৃষ্টির কারণে ঘাটে লোকজন নেই। সারা দিন কাজের আশায় বসে থেকেও কোনো আয় করতে পারিনি।

একই দুর্ভোগের কথা জানান রিকশা ও অটোরিকশাচালকেরা। বৃষ্টির কারণে যাত্রী কমে যাওয়ায় তাদের আয়-রোজগার অনেক কমে গেছে। অন্যদিকে বেচাকেনা কম থাকায় বিপাকে পড়েছেন ফুটপাতের ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরাও।

বৃষ্টিতে গণপরিবহন চলাচল ও যাত্রী কমে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাসচালকেরাও। পিরোজপুর মাঠবাড়িয়া রুটের বাসচালক কবির হোসেন জানান, সারাদিনে দুটি ট্রিপ দিয়ে ভাড়া বাবদ আয় হয়েছে মাত্র ১ হাজার ৩০০ টাকা। অথচ জ্বালানি তেল কিনতেই খরচ হয়েছে ২ হাজার টাকা। ফলে চালক ও হেলপারের বেতন দেওয়ার মতো টাকাও থাকছে না।

শুধু শ্রমজীবী মানুষই নন, বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী চাকরিজীবী ও সাধারণ যাত্রীরাও। সড়কে যানবাহন কম থাকায় গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে। পাশাপাশি বাড়তি ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। কোথাও কোথাও সড়কে পানি জমে চলাচলেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

বৃষ্টিতে কিছুটা স্বস্তি নিয়ে এলেও নিম্ন আয়ের মানুষের জন্য তা হয়ে উঠেছে দুর্ভোগের কারণ। প্রতিদিনের আয় দিয়ে যাদের সংসার চলে, তাদের কাছে বৃষ্টির প্রতিটি দিনই যেন অনিশ্চয়তার। কাজ ও যাত্রী সংকটে দিন কাটছে শ্রমজীবী মানুষের।

বিজ্ঞাপন

পড়ুন : সুনির্দিষ্ট নীতিমালা ও ৮ দফা দাবিতে গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন