চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক সম্পত্তির বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে এক কিশোরী ফুটবলারকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযোগকারী ও অভিযুক্তের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ঘিরে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।
অভিযোগকারী ঐশি দে’র দাবি, বিয়ে না হওয়ায় পৈতৃক সম্পত্তিতে নিজের প্রাপ্য অংশ চেয়েছিলেন তিনি। কিন্তু তার ভাই মায়ের কাছ থেকে সব জমি রেজিস্ট্রি করে নেওয়ায় পৈতৃক বাড়িতে বসবাসের অধিকারও হারিয়েছেন। এ নিয়ে ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে তার।
বিষয়টি সমাধানের জন্য পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম উপজেলার কচুয়াই ইউনিয়নের বাসিন্দা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে’র ওপর দায়িত্ব দেন। ঐশির অভিযোগ, বিরোধ মীমাংসার আশ্বাস দিয়ে শ্যামল মাস্টার তাকে হোয়াটসঅ্যাপে লেখেন, ‘তুমি অনেক সুন্দর, তোমার সঙ্গে একটু ফ্রি সময় কাটাতে চাই।’
ঐশির দাবি, এমন প্রস্তাবে রাজি না হওয়ায় পারিবারিক বিরোধের সমাধান হয়নি। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এক সপ্তাহ আগে রাতে ফেসবুক লাইভে এসে শাহ আমানত সেতু থেকে কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। পরে সংবাদ সম্মেলনেও শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তোলেন ঐশি।
এদিকে ঐশির অভিযোগ সামনে আসার পর শ্যামল দে’র অতীত কর্মস্থল ধলঘাট ইউনিয়নের গৈড়লা উচ্চ বিদ্যালয় নিয়েও আলোচনা শুরু হয়েছে। সেখানে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত একটি ঘটনায় স্থানীয় লোকজন তাকে বিদ্যালয়ে যেতে বাধা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
অন্যদিকে গত ১৫ নভেম্বর পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান তুলে ধরেন শ্যামল মাস্টার। তিনি বলেন, সংসদ সদস্য এনামুল হকের নির্দেশে ঐশির পারিবারিক বিরোধ সমাধানের উদ্যোগ নিয়েছিলেন। তবে ঐশির মা ও ভাই তার প্রস্তাবিত সমাধানে রাজি না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
বিরোধ মীমাংসার বিনিময়ে ঐশির সঙ্গে সময় কাটানোর প্রস্তাব দেওয়ার অভিযোগকে ভিত্তিহীন ও ভুয়া দাবি করেন তিনি। ঐশির সঙ্গে হোয়াটসঅ্যাপে কখনো কোনো ধরনের চ্যাটিং করেননি বলেও জানান শ্যামল মাস্টার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হোয়াটসঅ্যাপের কথিত স্ক্রিনশট পরীক্ষায় সত্য প্রমাণিত হলে পটিয়াবাসী যে বিচার করবেন, তা তিনি মেনে নেবেন। একই সঙ্গে গৈড়লা উচ্চ বিদ্যালয়ে কর্মরত থাকাকালে নারীসংক্রান্ত কোনো ঘটনা কিংবা স্থানীয়দের বাধার মুখে পড়ার অভিযোগও অস্বীকার করেন তিনি।
অন্যদিকে গত বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে আবারও সংবাদ সম্মেলন করেন ঐশি দে। এর আগে প্রায় ১০ থেকে ১২ দিন আগেও তিনি সংবাদ সম্মেলন করেছিলেন। সর্বশেষ সংবাদ সম্মেলনে শ্যামল মাস্টারের দেওয়া স্ক্রিনশট ফরেন্সিক ল্যাবে পরীক্ষার চ্যালেঞ্জকে স্বাগত জানান ঐশি।
তিনি বলেন, শ্যামল মাস্টারের প্রস্তাবে রাজি না হওয়ায় মূলত তার পারিবারিক বিরোধের সমাধান হয়নি। শ্যামল মাস্টার ও তার বাড়ি একই ইউনিয়নে। তাকে চাচা বলে সম্বোধন করতেন তিনি। ফলে তার কাছ থেকে এমন প্রস্তাব কখনো প্রত্যাশা করেননি।
পড়ুন : সুনির্দিষ্ট নীতিমালা ও ৮ দফা দাবিতে গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন


