বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দকে স্বাগত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এ বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীনের নেতৃত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
শোভাযাত্রায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, প্রভোস্টবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এবারের নববর্ষ উদযাপনের মূল প্রতিপাদ্য ছিল “নববর্ষের আবাহন ঐক্য, শান্তি, উত্তরণ”। বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে শোভাযাত্রায় শান্তির প্রতীক হিসেবে বড় পায়রা, পাখি, চরকি, সূর্যমুখী ফুল ও ফড়িংসহ নানা নান্দনিক উপকরণ প্রদর্শিত হয়।
বর্ণিল এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।
পড়ুন- ‘বল এখন ইরানের কোর্টে’, পরবর্তী সংলাপ প্রসঙ্গে ভ্যান্স
দেখুন- ফরিদপুরে বৈশাখী শোভাযাত্রায় নানা শ্রেণি পেশার মানুষের ঢল


