কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকা সড়ক এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিসিক এলাকা থেকে শুরু করে রঙ্গার কোনা হয়ে ৩২ রোডের বাক্কার মার্কেট পর্যন্ত বিস্তৃত রাস্তাটির বিভিন্ন স্থানে পিচ ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা।
সরেজমিনে দেখা যায়, সড়কের গুরুত্বপূর্ণ মোড় এবং জনবহুল অংশে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টির সময় এসব গর্তে পানি জমে মরণফাঁদে পরিণত হয়, আর শুষ্ক মৌসুমে ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে ওঠেন পথচারীরা।
অত্র এলাকার মানুষ এই রাস্তাটি ব্যবহার করে জেলা শহর ও আশপাশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। বিশেষ করে বাক্কার মার্কেট এলাকার ব্যবসায়ী এবং বিসিক শিল্প নগরীর সঙ্গে যাতায়াতকারী যানবাহনের জন্য এই সড়কটি অপরিহার্য। স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তাটি দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তের কারণে রিকশা, অটোরিকশা বা মোটরসাইকেল উল্টে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।
মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের মতে, ভাঙা রাস্তার কারণে গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। রাতে চলাচলের সময় গর্তগুলো বোঝা না যাওয়ায় বিপদের ঝুঁকি আরও বেড়ে যায়।
এলাকাবাসীর জোর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অতি দ্রুত জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সরেজমিনে পরিদর্শন করেন এবং দ্রুততম সময়ের মধ্যে সংস্কারের উদ্যোগ নিয়ে জনদুর্ভোগ লাঘব করেন।
পড়ুন: ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারি: ট্রাম্প
আর/


