দেশে প্রায় দেড় মাস জ্বালানি সংকটের পর শনিবার (১৮ এপ্রিল) রাতে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। সেই হিসাবে বাস-ট্রাকের জ্বালানি ‘ডিজেল’ লিটার প্রতি ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা হয়েছে। এতে খরচ বেড়ে যাচ্ছে পরিবহনের। ফলে বাস-ট্রাক মালিক সমিতির নেতারা রোববারের (১৯ এপ্রিল) মধ্যে ভাড়া সমন্বয় করতে সরকারকে অনুরোধ করেছেন।
বাংলাদেশে ২০২২ সালের ৫ আগস্ট ডিজেলের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করে সরকার। যা আগের দামের তুলনায় প্রায় ৪২.৫ শতাংশ বেশি ছিল। পরে সেটি সমন্বয় করতে করতে সর্বশেষ শনিবার পর্যন্ত লিটার প্রতি ১০০ টাকা ছিল।
ওই সময় সার্বিক বিবেচনায় তৎকালীন পরিবহন নেতারা দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়িয়ে ২ টাকা ৮০ টাকা পয়সা করার প্রস্তাব দেন। তবে সরকার সেটি আমলে না নিয়ে দূরপাল্লার ভাড়া ১ টাকা ৮০ পয়সা থেকে ২২ শতাংশ বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা করে। সর্বশেষ ২০২৫ সালের ১৬ জুন তেলের দামের সঙ্গে ভাড়া সমন্বয় করে সেটি কমিয়ে কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা করা হয়।
কিন্তু শনিবার রাতে ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়ার পর পরিবহন নেতারা রোববারের মধ্যেই ভাড়া বাড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। তারা সরকারকে শুধু ডিজেলের দাম বিবেচনায় না নিয়ে সার্বিক বিষয় চিন্তা করে দূরপাল্লার বাসে কিলোমিটার প্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার প্রস্তাব দিচ্ছেন।
পড়ুন : ঢাকার উত্তরাঞ্চল রুটের যাত্রীদের জন্য সুখবর, চলবে মেট্রোরেল


