উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্বে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে বায়ার্ন। আর এই আনন্দময় সময়টা দীর্ঘায়িত করতেই জার্মান বুন্দেস লিগার ম্যাচে আজ রাতে মাঠে নামবে তারা। স্টুটগার্টের বিপক্ষে জিততে পারলেই তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হবে জার্মান জায়ান্টদের।
লিগে ২৯ রাউন্ড শেষে সর্বোচ্চ ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। শিরোপা জেতার দৌঁড়ে বায়ার্ন মিউনিখের পর একমাত্র ডর্টমুন্ডের সম্ভাবনা রয়েছে। তবে সেই সম্ভবনাটাও ঝুঁলে আছে যদি-কিন্তুর সমীকরণে।
নিজেদের ৩০ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট অর্জন করতে পেরেছে বরুশিয়া ডর্টমুন্ড। তাদের বাকি আছে আর মাত্র চারটি ম্যাচ। এই চার ম্যাচের চারটিতেই জিতলে সর্বোচ্চ ১২ পয়েন্ট পাবে তারা। ফলে এই মৌসুম থেকে সর্বোচ্চ ৭৬ পয়েন্ট সংগ্রহ করতে পারবে ডর্টমুন্ড।
পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় শিরোপা জিততে হলে ডর্টমুন্ডকে তো সব ম্যাচ জিততে হবেই, সেই সঙ্গে নিজেদের সব ম্যাচেই হারতে হবে বায়ার্নকে। এরপরও দেখতে হবে গোল ব্যবধান। তাই নিশ্চিতভাবেই বলা যায় যে, ডর্টমুন্ডের পক্ষে শিরোপা জেতা প্রায় অসম্ভব।
এদিকে যেহেতু সর্বোচ্চ ৭৬ পয়েন্ট অর্জন করতে পারবে ডর্টমুন্ড। তাই নিজেদের শেষ পাঁচ ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট সংগ্রহ করতে পারলেই চ্যাম্পিয়ন হবে বায়ার্ন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

