বিজ্ঞাপন

নাহিদের ৫ উইকেট, ১৯৮ রানে অলআউট নিউজিল্যান্ড

নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ নিউজিল্যান্ডকে দুইশ করতে দেয়নি। বাংলাদেশি পেসার ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয়বার পাঁচ উইকেট নিয়ে কিউইদের ১৯৮ রানে থামালেন। মিরপুরে সফরকারীদের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন নিক কেলি। সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশের লাগবে ১৯৯ রান।

এর আগে মিরপুরে টস জিতে ব্যাটিং নিয়ে সুবিধা করতে পারেনি নিউজিল্যান্ড। পাওয়ার প্লের ১০ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট নেয় বাংলাদেশ। দুটি উইকেটই নেন নাহিদ। প্রথম চার ওভারে একটি করে মেডেন দেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এই সময়ে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ছিল মাত্র ৩ রান।

পঞ্চম ওভারে তাসকিনের পঞ্চম বলে নিক কেলি ইনিংসের প্রথম বাউন্ডারি হাঁকান। পরের বলে আরেকটি। শরিফুলও পরের ওভারের প্রথম বলে চার দেন। টানা তিন বলে চার মারলেও কিউইদের রানের গতি বাড়েনি।

অষ্টম ওভারে বল হাতে নিয়েই নাহিদ সাফল্য পান। হেনরি নিকোলসকে ১৩ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশি পেসার। পরের ওভারেও প্রথম বলে তিনি উইল ইয়াংকে (৭) সৌম্য সরকারের ক্যাচ বানান। দলীয় ২৫ ও ২৮ রানে দুটি উইকেট হারায় কিউইরা। প্রথম দুই ওভারে নাহিদ ১ রান দিয়ে এক মেডেনে দুই উইকেট তুলে নেন।

পরে সৌম্য সরকার তুলে নেন প্রতিপক্ষ অধিনায়ক টম ল্যাথামের উইকেট। ৫২ রানে ৩ উইকেট হারানো নিউজিল্যান্ড কেলির ব্যাটে শক্ত ভিত গড়ার চেষ্টা করে। তার সঙ্গে ল্যাথামের জুটি ২৪ রানের বেশি হয়নি। সৌম্য কিউই অধিনায়ককে লিটন দাসের ক্যাচ বানান। নিচু ক্যাচ নেন বাংলাদেশি কিপার। থার্ড আম্পায়ারের রায়ে মাঠ ছাড়তে হয় ল্যাথামকে। ৩৫ বলে ১৪ রান করেন তিনি।

৫২ রানে ৩ উইকেট পড়ার পর নিউজিল্যান্ডের ওপেনার নিক কেলি ও মুহাম্মদ আব্বাস ৫৬ রানের জুটি গড়েন। ২৭তম ওভারের শেষ বলে ফিফটি করেন কেলি। প্রথম ওয়ানডে হাফ সেঞ্চুরি করতে নিউজিল্যান্ড ব্যাটার ৬৬ বলে ৯ চার মারেন।

আব্বাসকে ১৯ রানে ফিরিয়ে এই জুটি ভাঙেন নাহিদ। উড়ন্ত ক্যাচে তাকে ফেরান লিটন। কেলি সেঞ্চুরির বেশ কাছে গিয়েও ব্যর্থ হন। শরিফুল ইসলাম তাকে ৮৩ রানে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান। কিউই ওপেনারের ১০২ বলের ইনিংসে ছিল ১৪ চার।

সেট ব্যাটার আউট হওয়ার পর ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন। জশ ক্লার্কসনকে আউট করেন রিশাদ হোসেন। আগের ম্যাচের সেরা খেলোয়াড় ডিন ফক্সক্রফট ১৫ রান করে নাহিদের শিকার হন। ব্লেয়ার টিকনারকে বদলি ফিল্ডার আফিফ হোসেনের ক্যাচ বানান শরিফুল।

নিজের শেষ ওভারে নাহিদ পঞ্চম উইকেট তুলে নেন। জেইডেন লেনক্স খালি হাতে ফেরেন বাংলাদেশি পেসারের ইয়র্কারে বোল্ড হয়ে। গত ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ২৪ রান খরচায় পাঁচ উইকেট নেন নাহিদ। এক মাসের একটু বেশি সময় পর ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পেলেন ডানহাতি এই পেসার। ২৩ বছর বয়সী বোলার বোলিং শেষ করেছেন ৩২ রানে পাঁচ উইকেট নিয়ে।

১৮৩ রানে ৯ উইকেট তোলার পর নিউজিল্যান্ডকে দুইশর মধ্যে আটকানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কাভারে নাথান স্মিথের কঠিন ক্যাচ নিতে না পারার প্রায়শ্চিত্ত কিছুক্ষণ পরই করেন তাওহীদ হৃদয়। তাসকিন আহমেদের বলে উইলিয়াম ও’রোর্কের ক্যাচ নেন তিনি। ৪৮.৪ ওভারে অলআউট হয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে টিকে থাকতে আজ (সোমবার) দ্বিতীয় ওয়ানডে জিততেই হবে স্বাগতিকদের। এমন ম্যাচে টস হারে বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক ল্যাথাম টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ দলে একটি পরিবর্তন ছিল। আফিফের জায়গায় সৌম্য খেলছেন। নিউজিল্যান্ড আগের একাদশ নিয়েই নেমেছে।

বিজ্ঞাপন

পড়ুন : ১৫ বছর পর ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন