ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার সম্ভাবনা ‘খুবই কম’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিচুক্তি না হলে ইরানে ফের সামরিক অভিযান শুরু হতে পারে।
ট্রাম্প জানান, ওয়াশিংটনের স্থানীয় সময় ২২ এপ্রিল বুধবার সন্ধ্যা থেকে, অর্থাৎ বাংলাদেশের সময় ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে অভিযান শুরু হতে পারে।
গত ৮ এপ্রিল (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ এপ্রিল সন্ধ্যা) থেকে দুই দেশের মধ্যে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা শেষ হবে ২২ এপ্রিল। যুদ্ধবিরতি শুরুর তিন দিন পর শান্তিচুক্তির উদ্দেশ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা বৈঠকে বসেন। তবে ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো চুক্তি ছাড়াই বৈঠক শেষ হয়।
সোমবার মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি না হলে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুবই কম।
তিনি আরও বলেন, “যদি যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে কোনো চুক্তি স্বাক্ষর না হয়, তাহলে অবশ্যই অভিযান শুরু হবে— বুধবার সন্ধ্যা থেকেই।”


