ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওমান উপসাগর এবং ইরানের বন্দরগুলোতে আরোপিত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।
মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সরকার বর্তমানে গুরুতরভাবে বিভক্ত, যা অপ্রত্যাশিত নয়। তিনি উল্লেখ করেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অনুরোধ জানিয়েছেন—ইরানের নেতৃত্ব একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে না আসা পর্যন্ত যেন যুক্তরাষ্ট্র সামরিক আক্রমণ স্থগিত রাখে।
এ প্রেক্ষিতে ট্রাম্প জানান, মার্কিন সামরিক বাহিনীকে নৌ অবরোধ অব্যাহত রাখার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ইরান তাদের প্রস্তাব জমা না দেওয়া এবং আলোচনা শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই নৌ অবরোধকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করা হবে।
পড়ুন: ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা বাড়ল ইরানের ওপর
আর/


