জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে বর্তমান সরকারকে বিব্রত করার অপচেষ্টা চালাচ্ছেন বলে গুরুতর অভিযোগ এনেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
রিজভী ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে জামায়াতে ইসলামীর গোপন আঁতাত রয়েছে এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র ও তথ্যপ্রমাণ ইতোমধ্যে বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে। ১৯৭১ সালের দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী এখন আওয়ামী লীগের সমর্থন চাইছে বলেও তিনি দাবি করেন।
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় আসার পাল্টা অভিযোগের প্রসঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, বিএনপি যদি সত্যিই কোনো চুক্তির মাধ্যমে ক্ষমতায় এসে থাকে, তবে সেই চুক্তিপত্র প্রকাশ্যে উপস্থাপন করা উচিত। বিরোধী দল ‘চকলেট প্রাপ্তি’র মতো বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, অথচ তারা বিরোধী দল হিসেবে সরকারের কাছ থেকে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছে।
কর্মসূচিতে রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে নতুন করে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানো হলে সাধারণ জনগণ তা মেনে নেবে না। বিরোধীদের নানা অপপ্রচার ও উসকানিতে কান না দিয়ে সরকার দায়িত্বশীলতার সঙ্গে জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের সাফল্য তুলে ধরে তিনি জানান, বিশ্ব ক্ষুধা সূচকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের সুবিধাজনক অবস্থান মূলত বর্তমান সরকারের সঠিক নীতিরই প্রতিফলন।
পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু
সা/


