জামালপুর অবৈধ পলিথিনবিরোধী অভিযানে ১ হাজার ৩২৬ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, জামালপুর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। সদর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের বোষপাড়া এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।
অভিযানকালে সকাল বাজার এলাকার ‘মেসার্স তানভীর এন্টারপ্রাইজ’-এর গোডাউন থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটির মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসন জানায়, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন : দিনাজপুরের নবাবগঞ্জে বিজিবি-র্যাবের যৌথ অভিযান: ২৫ লক্ষ টাকার নিষিদ্ধ সিরাপ জব্দ


