মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে স্যালো ইঞ্জিনচালিত ট্রলির ধাক্কায় রিহান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিহান ওই গ্রামের সাগর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলি চালক সাইফুল ইসলাম তার স্যালো ইঞ্জিনচালিত ট্রলিটি ব্যাক গিয়ারে রাস্তায় তোলার সময় পেছনে থাকা রিহানকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামিয়া জানান, শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

